ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০ পদে নিয়োগ

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৭টি ক্যাটাগরির পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে রাজস্ব বাজেটের আওতায় ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে ২৭ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হিসাব রক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, রেকর্ড কিপার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ দেওয়া হবে। ঢাকা বিভাগের অধিক্ষেত্রাধীন ১৩টি জেলার স্থায়ী নারী ও পুরুষ বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।

পদ ও শূন্যপদ

হিসাব রক্ষক পদে একজন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছয়জন, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে দুজন, রেকর্ড কিপার পদে একজন, অফিস সহায়ক পদে ছয়জন, নিরাপত্তা প্রহরী পদে দুজন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে দুজন নিয়োগ দেওয়া হবে।

হিসাব রক্ষক পদটি ১৪তম গ্রেডের। এ পদের বেতনস্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ও রেকর্ড কিপার পদ ১৬তম গ্রেডের। এসব পদের বেতনস্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

অন্যদিকে, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদ ২০তম গ্রেডের। এসব পদের বেতনস্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

হিসাব রক্ষক পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংয়ে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ও রেকর্ড কিপার পদে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসব পদের ক্ষেত্রে পদভেদে কম্পিউটার পরিচালনা, টাইপিং এবং সংশ্লিষ্ট দক্ষতা প্রয়োজন। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরিচ্ছন্নতাকর্মী পদে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ পদে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা ও জেলার যোগ্যতা

১ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থী ও কোটাভুক্ত সব প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

ঢাকা বিভাগের ১৩ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ৩০ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত।

আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট dhakadiv.teletalk.com.bd-এর মাধ্যমে। আবেদন ফরমে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, কোটা-সংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

প্রার্থীর সাম্প্রতিক রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইটের মধ্যে JPG ফরম্যাটে আপলোড করতে হবে। আবেদন সাবমিট করার পর ইউজার আইডিসহ অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা।

৫ থেকে ৭ নম্বর পদের জন্য মোট আবেদন ফি ৫৬ টাকা। এর মধ্যে মূল ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা।

অনগ্রসর নাগরিক—ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসএমএসে ফি পরিশোধ

অনলাইনে আবেদন ফরম পূরণ ও সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

প্রথমে লিখতে হবে: dhakadiv User ID এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এরপর ফিরতি এসএমএসে পাওয়া নির্দেশনা অনুযায়ী লিখতে হবে: dhakadiv YES PIN Code এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে না। এ ক্ষেত্রে আবেদনপত্রের অ্যাপ্লিকেন্টস কপিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করার জন্য প্রার্থীদের বলা হয়েছে।

বেতন ও সরকারি সুযোগ-সুবিধা

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত মূল বেতন পাবেন। এর পাশাপাশি সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস, বৈশাখী ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। অবসরকালীন পেনশন ও গ্র্যাচুইটির সুবিধাও প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তির স্মারক নম্বর ০৫.৪১.৩০০০.০১৬.১১.০১১.২৩-৩৮। বিজ্ঞপ্তি জারির তারিখ ২৫ আগস্ট ২০২৬ এবং প্রকাশের তারিখ ২৭ আগস্ট ২০২৬।

আবেদনের সময়: ৩০ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত।

আবেদন ওয়েবসাইট: dhakadiv.teletalk.com.bd

বিজ্ঞপ্তিটি নিচে দেখুন...