অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল-১৬ (ঢাকা)-এ ছয় ক্যাটাগরির পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ১৪ সেপ্টেম্বর ২০২৬ দ্য ডেইলি স্টারে প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে শুধু ঢাকা জেলার স্থায়ী নাগরিকরা এসব পদে আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ
কর অঞ্চল-১৬-এর নিয়োগে কম্পিউটার অপারেটর পদে একজন, প্রধান সহকারী পদে আটজন, উচ্চমান সহকারী পদে সাতজন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১০ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন এবং অফিস সহায়ক পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
কম্পিউটার অপারেটর পদে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি বা সমমান এবং অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কম্পিউটার ও টাইপিং দক্ষতা
প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সংশ্লিষ্ট কম্পিউটারভিত্তিক পদগুলোতে বাংলা ও ইংরেজি টাইপিংয়ের নির্ধারিত গতি থাকতে হবে। প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ টাইপের গতি চাওয়া হয়েছে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ টাইপের পাশাপাশি সাঁটলিপিতে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন ও গ্রেড
পদভেদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে। কম্পিউটার অপারেটর ও প্রধান সহকারী পদে বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, উচ্চমান সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা এবং অফিস সহায়ক পদে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
বয়সসীমা ও জেলা
প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। শুধু ঢাকা জেলার উপযুক্ত ও স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না; কেবল একটি পদে আবেদন করা যাবে।
আবেদন শুরু ও শেষ
অনলাইনে আবেদন ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে ১০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদন ফি
প্রথম থেকে পঞ্চম পদে আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ষষ্ঠ পদে মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব গ্রেডের জন্য মোট ফি ৫৬ টাকা।
যেভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে প্রথমে tax16.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Application Form’ অপশন থেকে কাঙ্ক্ষিত পদ নির্বাচন করতে হবে। এরপর আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফরম সাবমিট করার পর Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে। অনলাইনে আবেদন সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে নির্ধারিত নিয়মে দুইটি এসএমএস পাঠিয়ে ফি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখুন...