ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার

টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে বে‌শি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জুলহাস উদ্দিন (৩৯) এবং প্রহড় (২৮)। বৃহস্প‌তিবার (১৭ ডি‌সেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮ ডি‌সেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ সই করা এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।

এতে বলা হয়, মেহেদি হক নিয়ন (৪৯) নামের একজন প্রতারণার ঘটনায় মামলা ক‌রে‌ছেন। সেখা‌নে তি‌নি উল্লেখ ক‌রেন, গত বছ‌রের ২৪ আগস্ট অনলাইন প্রতারক চক্র টেলিগ্রাম অ্যাপসের একটি আইডির মাধ্যমে জে‌লেস (Zales) জুয়েলারী নামক প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেয়।

মে‌হে‌দি ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে চাকরি করতে আগ্রহী হলে প্রতারক চক্রটি কৌশলে একটি ফিশিং লিংক তৈরি করে তার মাধ্যমে তা‌কে ভুয়া ওয়েবসাইটে সংযুক্ত করে। এরপর বিভিন্ন কৌশলে প্রতারক চক্রটি বাদীর কাছ থেকে মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। এই ঘটনায় ভুক্ত‌ভোগী ‌মে‌হে‌দি চল‌তি বছ‌রের ৩ জানুয়া‌রি পল্টন থানায় মামলা ক‌রেন।

সিআইডির বিজ্ঞ‌প্তিতে বলা হয়, মামলাটির তদন্তভার গ্রহণ করার পর বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের সদস্যদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় সিআইডির একটি অভিযানকারী দল কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১৯ নং এজাহারনামীয় আসামি জুলহাস উদ্দিনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি প্রহড়কেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠা‌নো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।