মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদফতরে (ডিএলএস) বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত শূন্য পদে দুই ক্যাটাগরিতে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অফিস সহায়ক পদেই ৫০৬ জন এবং সিমেন ক্যারিয়ার পদে ৩২ জন নিয়োগ পাবেন। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।
দুই পদে ৫৩৮ জন নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিমেন ক্যারিয়ার পদে ৩২ জন এবং অফিস সহায়ক পদে ৫০৬ জন নিয়োগ দেওয়া হবে। সিমেন ক্যারিয়ার পদটি ১৯তম গ্রেডের এবং এর বেতন স্কেল ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা। অন্যদিকে অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের, যার বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক—দুই পদেই আবেদন করতে প্রার্থীকে স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সিমেন ক্যারিয়ার পদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও রয়েছে।
বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর
প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে। আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬ রাত ১২টা।
আবেদন ফি ৫৬ টাকা
দুই পদের জন্যই আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফি পরিশোধ করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণ করা হবে না।
যেভাবে আবেদন
প্রার্থীদের dls.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের সময় শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা ও অন্যান্য তথ্য সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন শেষে Applicant’s Copy সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি পরিশোধের জন্য টেলিটক প্রিপেইড নম্বর থেকে প্রথমে DLS User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর প্রাপ্ত PIN ব্যবহার করে দ্বিতীয় এসএমএস পাঠিয়ে ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশনা
নিয়োগ প্রক্রিয়ায় লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না। আবেদনপত্রে ভুল বা অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এক নজরে
প্রতিষ্ঠান: প্রাণিসম্পদ অধিদফতর
পদ: সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক
মোট পদ: ৫৩৮
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান
বয়স: ১৮–৩২ বছর
বেতন: ৮,২৫০–২০,৫৭০ টাকা
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬, রাত ১২টা
আবেদন ফি: ৫৬ টাকা
আবেদন: অনলাইনে
ওয়েবসাইট: dls.teletalk.com.bd
বিজ্ঞপ্তিটি দেখুন...