সাত পদে ৩৪ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-১, ঢাকা

কর অঞ্চল-১, ঢাকার অস্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল-১-এর ৭টি ক্যাটাগরির পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

৭ পদে ৩৪ জন নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে একজন, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে চারজন, উচ্চমান সহকারী পদে আটজন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১০ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছয়জন, গাড়ি চালক পদে একজন এবং অফিস সহায়ক পদে চারজন নিয়োগ দেওয়া হবে।

বেতন ও গ্রেড

কম্পিউটার অপারেটর এবং সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ দুটি ১৩তম গ্রেডের। এ দুই পদের বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।

উচ্চমান সহকারী এবং সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদ দুটি ১৪তম গ্রেডের। এসব পদের বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গাড়ি চালক পদ ১৬তম গ্রেডের। এ দুই পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের এবং এ পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী এবং সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এসব পদের ক্ষেত্রে পদভেদে বাংলা ও ইংরেজিতে নির্ধারিত সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদের জন্য ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ করে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি থাকতে হবে।

গাড়ি চালক পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শুধু ঢাকা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী, শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি

১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-১-এর অনলাইন আবেদনসংক্রান্ত ওয়েবসাইট tax1.teletalk.com.bd-এ গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে ‘Application Form’ অপশনে ক্লিক করে কাঙ্ক্ষিত পদ নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরমে প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য মূল সনদ অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে। নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করে ফরম সাবমিট করতে হবে। ফরম জমা দেওয়ার পর ছবি সংবলিত Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

এসএমএসে আবেদন ফি জমা

অনলাইনে আবেদন ফরম পূরণ ও সাবমিট করার পর User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। প্রথমে TAX1 User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাওয়া PIN ব্যবহার করে দ্বিতীয়বার TAX1 YES PIN লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদনপত্র জমা ও আবেদন ফি পরিশোধের শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিচে দেখুন বিজ্ঞপ্তি...