বাংলাদেশ থেকে সরকারিভাবে ব্রুনাইয়ে ১৪৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দেশটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে আবেদনের জন্য কোনও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ অক্টোবর বিকাল ৪টার মধ্যে আবেদন করতে হবে।
যেসব পদে নিয়োগ
ব্রুনাইয়ের Unity Land Sdn Bhd-তে মোট ৯টি পদে ১৪৮ জন কর্মী নেওয়া হবে। এর মধ্যে কাঠমিস্ত্রি পদে ২০ জন, নির্মাণশ্রমিক ৭০ জন, রাজমিস্ত্রি ২০ জন, ইলেকট্রিশিয়ান পাঁচজন, ট্রাক ড্রাইভার দুজন, ভারী যানবাহন চালক দুজন, অপারেটর চারজন, প্লাম্বার ১০ জন এবং ওয়েল্ডার পদে ১৫ জন নিয়োগ দেওয়া হবে।
বেতন কত
কাঠমিস্ত্রি, নির্মাণশ্রমিক ও রাজমিস্ত্রি—এই তিন পদের কর্মীদের ঘণ্টাপ্রতি মজুরি হবে ২০ ব্রুনেই ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৫৮ টাকা ৮৫ পয়সা।
অন্যদিকে ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভারী যানবাহন চালক, অপারেটর, প্লাম্বার ও ওয়েল্ডার পদে ঘণ্টাপ্রতি মজুরি ২২ ব্রুনেই ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৭০৪ টাকা ৭২ পয়সা।
বয়স ও অভিজ্ঞতা
আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ নিয়োগে কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি।
থাকাসহ যেসব সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মীদের থাকার খরচ কোম্পানি বহন করবে। এছাড়া বাংলাদেশ থেকে ব্রুনাই যাতায়াতের বিমান ভাড়াও নিয়োগকর্তা বহন করবে।
নির্বাচিত প্রার্থীদের দুই বছরের শ্রম চুক্তির আওতায় নিয়োগ দেওয়া হবে। চুক্তির মেয়াদ শেষ হলে তা নবায়নযোগ্য। কর্মীদের প্রতিদিন আট ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে brms.boesl.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের জন্য ফি দিতে হবে ১০০ টাকা।
নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ দক্ষ কর্মীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ মোট ৫৬ হাজার ৩৫০ টাকা জমা দিতে হবে। আধা-দক্ষ ও অদক্ষ কর্মীদের ক্ষেত্রে এ বাবদ জমা দিতে হবে ৪৪ হাজার ৮৫০ টাকা।
এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি এবং বাংলাদেশে মেডিক্যাল টেস্টের খরচ কর্মীকেই বহন করতে হবে।
আবেদনের শেষ সময়
ব্রুনাইয়ে কর্মী নিয়োগের এ সুযোগে আবেদন করা যাবে ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রতারণা থেকে সতর্ক থাকার নির্দেশ
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে প্রার্থীদের প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়েছে। নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে তাকে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।
এ ছাড়া নগদ লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না। তাই কাউকে কোনো ধরনের অর্থ প্রদান না করার জন্য প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন এই ঠিকানায়