প্রশ্নফাঁসের ঘটনায় ঢাকা যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। শনিবার (১০ অক্টোবর) বেলা ৩টায় এক বিজ্ঞপ্তিতে অধিদফতর এ তথ্য জানিয়েছে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণলায়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তদন্ত প্রতিবেদন তিন কার্যদিবসের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
তদন্ত কমিটিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ফিন্যান্স অ্যান্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (সিড ফাইন্যান্সিং)। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।