বিভিন্ন ব্যাংকে ২২০ পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৭ ক্যাটাগরিতে ২২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে ৬ষ্ঠ, ৯ম ও ১০ম গ্রেডের পদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

কোন পদে কত নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল) পদে ৬ জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল) পদে ৩ জন, সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার) পদে ২ জন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার) পদে ৪ জন নেওয়া হবে।

এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ৭ জন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২২ জন নিয়োগ পাবেন।

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ৮ জন, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ৯ জন এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৬ জন নেওয়া হবে। পাশাপাশি সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার) পদে ১ জন এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার পদে ৮১ জন, সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল অ্যানালিস্ট) পদে ১৪ জন, ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদে ১ জন, আইন কর্মকর্তা পদে ১ জন, সিনিয়র অফিসার (নিরীক্ষা) পদে ২০ জন এবং প্রটোকল অফিসার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল

পদ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। ৯ম গ্রেডের বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। ১০ম গ্রেডের বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। আর ৬ষ্ঠ গ্রেডের বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১৫ নম্বর পদ, অর্থাৎ আইন কর্মকর্তা পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা https://erecruitment.bb.org.bd। যাদের আগে থেকেই সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড রয়েছে, তাঁরা সেগুলো ব্যবহার করে আবেদন করতে পারবেন।

নতুন আবেদনকারীদের পছন্দের পদের পাশে থাকা ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে। এরপর পৃষ্ঠার নিচে থাকা ‘Register Now’ লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর ‘Submit Application’ অপশনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে এবং একটি সিভি আইডি নম্বর পাওয়া যাবে। পরবর্তী প্রয়োজনে ব্যবহারের জন্য সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি ও সময়সীমা

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আগামী ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পদভিত্তিক যোগ্যতা, অন্যান্য শর্ত ও বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।