স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেট সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আটটি ক্যাটাগরিতে মোট ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সব পদের জন্য প্রার্থীকে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন শুরুর তারিখ ও সময়
আগামী ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
কোন পদে কত নিয়োগ
প্রতিষ্ঠানটিতে আটটি পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো—পরিসংখ্যানবিদ ৬ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান ১ জন, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান ২ জন, ওয়ার্ড মাস্টার ১ জন, স্টোরকিপার ২ জন, স্বাস্থ্য সহকারী ১৫৫ জন এবং অফিস সহায়ক ৭ জন।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন
পরিসংখ্যানবিদ পদে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ পদে বেতন ১৪তম গ্রেড অনুযায়ী ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এ পদে বেতন ১৬তম গ্রেড অনুযায়ী ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
কোল্ড চেইন টেকনিশিয়ান পদে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস হতে হবে। কীটতত্ত্বীয় টেকনিশিয়ান পদে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাসের যোগ্যতা থাকতে হবে। উভয় পদে বেতন ১৫তম গ্রেড অনুযায়ী ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা।
ওয়ার্ড মাস্টার ও স্টোরকিপার পদে এইচএসসি বা সমমান পাস হতে হবে। এ দুটি পদে বেতন ১৬তম গ্রেড অনুযায়ী ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
স্বাস্থ্য সহকারী পদে এইচএসসি বা সমমান পাস হতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট পুরোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দারাও আবেদন করতে পারবেন। এ পদে বেতন ১৬তম গ্রেড অনুযায়ী ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস হতে হবে। এ পদে বেতন ২০তম গ্রেড অনুযায়ী ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
বয়সসীমা
১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদে উল্লেখিত জন্মতারিখ বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি
১৪তম থেকে ১৬তম গ্রেডের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। এর সঙ্গে সার্ভিস চার্জ ১২ টাকা যুক্ত হয়ে মোট ১১২ টাকা জমা দিতে হবে। অন্যদিকে, ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা আবেদন ফি দিতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের সিলেট সিভিল সার্জনের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে https://cssylhet.teletalk.com.bd/ প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদন শুরু হবে ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদনের শেষ সময় ২৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা।