পঞ্চম বর্ষে পদার্পণে মূল্যছাড় দিচ্ছে ইউএস বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের চতুর্থ বর্ষপূর্তির কেক কাটার মুহূর্ত (ছবি: সংগৃহীত)চার বছর পূর্ণ করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ মঙ্গলবার (১৭ জুলাই) পঞ্চম বর্ষে পদার্পণ করেছে তারা। এ উপলক্ষে সপ্তাহব্যাপী যেকোনও গন্তব্যের টিকিটে ১০ শতাংশ মূল্যছাড় (ডিসকাউন্ট) দিচ্ছে দেশের এই বেসরকারি আকাশসেবা প্রতিষ্ঠান।

এদিকে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এয়ারলাইন্সটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এদিন ইউএস-বাংলার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব যাত্রীকে শুভেচ্ছা উপহার সামগ্রী দেওয়া হয়। ইন-ফ্লাইট সার্ভিসে ছিল অন্যান্য দিনের তুলনায় ভিন্নতার ছোঁয়া।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটে বর্তমানে ঢাকা থেকে কলকাতা, মাস্কট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে এবং চট্টগ্রাম থেকে কলকাতা, মাস্কট ও দোহা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘বাংলাদেশের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের মানুষকে আকাশপথে ভ্রমণে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশকে তুলে ধরছি আমরা।’