সিঙ্গাপুর এয়ারলাইন্সের এ৩৫০-৯০০এক্সডব্লিউবি এয়ারবাস (ছবি: অনলাইন)ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসকে বলা হয় ‘এভিয়েশন শিল্পের অস্কার’। এ বছর ভ্রমণকারীদের ভোটে এই পুরস্কারে সেরা হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স। বাংলাদেশ থেকেও সিঙ্গাপুর এয়ারলাইন্স যাত্রী পরিবহন করে।
যুক্তরাজ্যের লন্ডনে ল্যাংহাম হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ২০১৮ সালের বিশ্বসেরা ১০ এয়ারলাইন্সের নাম ঘোষণা করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। এয়ারলাইন ও বিমানবন্দর পর্যালোচনা ও র্যাংকিংয়ের ওয়েবসাইট পরিচালনা করে তারা।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৭৮৭-১০ এয়ারক্রাফটের বিজনেস ক্লাস (ছবি: অনলাইন)লন্ডনে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিইও গোহ চুন ফং। এটি তাদের প্রতিষ্ঠানের ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারীকে উৎসর্গ করেছেন তিনি।
স্কাইট্র্যাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এডওয়ার্ড প্লেইস্টেড জানান, ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের ইতিহাসে এ নিয়ে চতুর্থবার বিশ্বসেরা হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স। এজন্য আকাশসেবা প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান তিনি। তার কথায়, ‘গ্রাহকদের কাছে ধারাবাহিকতাই মুখ্য। এটাই সিঙ্গাপুর এয়ারলাইন্সের মূল ভিত্তি। পণ্য ও সেবা উভয় ক্ষেত্রে অভাবনীয় দক্ষতা দেখিয়েছে তারা।’
গত বছর তালিকায় দুই নম্বরে ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স। ২০১৭ সালে শীর্ষে থাকা কাতার এয়ারওয়েজ এবার নেমে গেছে দুই নম্বরে। আর তিন নম্বর স্থানটি অক্ষুণ্ন রেখেছে এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের এ৩৮০ এয়ারক্রাফটের স্যুট (ছবি: অনলাইন)বিশ্বের সেরা উন্নত এয়ারলাইন পুরস্কার পেয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স। কেবিন ক্রু বিভাগে সেরা হয়েছে গারুদা ইন্দোনেশিয়া। বিশ্বের সেরা বিজনেস ক্লাস পুরস্কার গেছে কাতার এয়ারওয়েজে।
২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মে পর্যন্ত ৩৩৫টি এয়ারলাইন্সের সেবা নিয়ে অনলাইনে পরিচালিত জরিপ অনুযায়ী বিজয়ী তালিকা চূড়ান্ত হয়েছে। ২ কোটিরও বেশি ভ্রমণকারী এতে অংশ নেন।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৭৭৭-৩০০ইআর এয়ারক্রাফটের ইকোনমি ক্লাস (ছবি: অনলাইন)এবার ছিল ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের ১৮তম আসর। ১৯৯৯ সাল থেকে গ্রাহকদের সন্তুষ্টি বিষয়ক সরাসরি প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে দেওয়া হচ্ছে মুক্ত ও নিরপেক্ষ এই পুরস্কার। বিশ্বজুড়ে ভ্রমণকারীরা ভোট দিয়ে সেরাদের নির্বাচন করেন। জরিপ ও পুরস্কারসহ যাবতীয় পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে স্কাইট্র্যাক্স।