ভারতে ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতলো জার্মানির লুফথানসা

নয়াদিল্লিতে এ পুরস্কার গ্রহণ করেছে লুফথানসা ইন্ডিয়া টিমভারতে এ বছরের আইজিআইএ অ্যাওয়ার্ডে ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতলো জার্মানির লুফথানসা এয়ারলাইন্স। ‘আন্তর্জাতিক এয়ারলাইন-ইউরোপ ও আমেরিকা’ বিভাগে এ নিয়ে টানা সাতবার স্বীকৃতিটি পেলো আকাশযান প্রতিষ্ঠানটি। নয়াদিল্লিতে জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেছে লুফথানসা ইন্ডিয়া টিম। ২০১১ সাল থেকে কেপিএমজি লুফথানসার সঙ্গে যৌথভাবে আইজিআইএ অ্যাওয়ার্ড প্রদান করে আসছেন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (ডিআইএএল)।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী সেবার মানোন্নয়নে অসাধারণ প্রচেষ্টার স্বীকৃতি পেলো লুফথানসা বাহিনী। অত্যাধুনিক পণ্য, ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট ও উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়ে যাত্রীদের মধ্যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে এয়ারলাইন্সটি। ফলে আকাশযানে চলাচলের সময়ও ব্যবসায়িক অংশীদার আর পরিবারের সঙ্গে অনায়াসে যুক্ত থাকতে পারেন যাত্রীরা।

সম্প্রতি যাত্রীদের বৈচিত্র্য দিতে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার সংযোজন করেছে লুফথানসা। এর মাধ্যমে ডায়াবেটিকসহ খাবার নিয়ে যাদের অ্যালার্জি আছে, তারা পছন্দমতো মেন্যু নির্বাচন করতে পারবেন। রয়েছে উচ্চমানের প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ বিশেষ মাসালা চা।

ভারতে লুফথানসা হলো ফাইভ-স্টার স্কাইট্র্যাক্স রেটিং পাওয়া ইউরোপের শীর্ষস্থানীয় এয়ারলাইন। ৫০ বছর ধরে লুফথানসা গ্রুপ ভারতে ব্যবসা করছে। তাদের আকাশযান লুফথানসা, সুইস ও ব্রাসেলস এয়ারলাইন্স ভারতের দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু থেকে ৬১টি ফ্লাইট পরিচালনা করে। ১০০টিরও বেশি দেশের ৩৪৩টি গন্তব্যে যায় এগুলো। জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ, সুইজারল্যান্ডের জুরিখ আর বেলজিয়ামের ব্রাসেলসে লুফথানসার হাব আছে।