সাঁতার কেটে চাঙা হওয়ার পাশাপাশি রানওয়েতে উড়োজাহাজের ওঠানামা দেখছেন, ব্যাপারটা সবার জন্যই অসাধারণ। এজন্য সিনেমা কিংবা বার নয়, বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে চিত্তবিনোদনের জন্য ভ্রমণকারীদের প্রিয় হয়ে উঠেছে দর্শনীয় সুইমিং পুল। এগুলোর কোনোটি ছাদে, কয়েকটি আবার আউটডোরে। বিশ্বের বিভিন্ন দেশের সেরা বিমানবন্দর সুইমিং পুলের কথা বলা যাক।
হায়েট রিজেন্সি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর, ফ্লোরিডা
Hyatt Regency Orlando International Airport, Floridaঅরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরের হায়েট রিজেন্সির আউটডোর সুইমিং পুল থেকে রানওয়েতে উড়োজাহাজের ওঠানামার অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় দারুণভাবে। এটি তৈরি করা হয়েছে রোমান যুগের ঢঙে। পাশেই রয়েছে ছায়াময় লাউঞ্জ। যাত্রার আগে নীলরঙা জলে ডুবে ফ্লোরিডার সূর্যালোক উপভোগের জন্য জুতসই এই পুল। সব সুযোগ-সুবিধাসহ হোটেলটির একদিনের রুম ভাড়া শুরু ১০৯ ডলার থেকে (৯ হাজার টাকা)।
গ্র্যান্ড হায়েট ডালাস ফোর্ট ওর্থ বিমানবন্দর, টেক্সাস
Grand Hyatt Dallas Fort Worth Airport, Texasনয়নাভিরাম দৃশ্যই শুধু নয়, ডালাস ফোর্ট ওর্থ বিমানবন্দরের গ্র্যান্ড হায়েট হোটেলের ছাদ-পুলে রয়েছে ক্লোরিনমুক্ত মিনারেল পানি। মসৃণ ও শীতল ত্বকের জন্য এটি বেশ উপকারী। দিনে ২৪ ঘণ্টাই খোলা থাকে টার্মিনাল ডি’র কাছে অবস্থিত হোটেলটি। স্কাইলিংকের দ্রুতগতির ট্রেনে চড়ে সেখানে পৌঁছানো যায় অনায়াসে। পুল আর স্পা ছাড়াও এ হোটেলে রয়েছে স্নানের সুবিধা, লকার রুম, উষ্ণ কক্ষ। অতিথিদের জন্য সবই ফ্রি। তবে ভ্রমণকারীদেরকে এগুলো পেতে ৩০ ডলারের পাস কিনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা আড়াই হাজার টাকা।
সিঙ্গাপুর চেঙ্গি বিমানবন্দর
Singapore Changi Airportস্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে টানা পাঁচ বছর বিশ্বের সেরা বিমানবন্দর পুরস্কার জিতেছে সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দর। সেখানকার আকর্ষণীয় দিকগুলোর মধ্যে অন্যতম ছাদের চমৎকার পুল। টার্মিনাল-১ (ডি গেটের কাছে) ট্রানজিল হলের লেভেল থ্রিতে ডিপারচার হলের সামনে অ্যারোটেল এয়ারপোর্ট ট্রানজিট হোটেলে উষ্ণ জলে ভেজার সময় চোখে পড়বে পুরো রানওয়ে। এছাড়াও পুলের পাশেই রয়েছে উষ্ণ জলের বাথটাব, বার ও স্নানের সুযোগ-সুবিধা। ফলে ভ্রমণকারীরা ফ্লাইটে চড়ার আগে অনায়াসে সতেজ হয়ে নিতে পারেন সেখানে। এটি ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। হোটেলের অতিথি ছাড়া অন্যরা এসব সুবিধা পেতে পারেন ১২ ডলারে (১ হাজার টাকা)।
ওরিক্স এয়ারপোর্ট হোটেল, হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার
The temperature-controlled pool at the Vitality Wellbeing and Fitness Center in Hamad International Airportদোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ওরিক্স এয়ারপোর্ট হোটেলে রয়েছে ২৫ মিটার দীর্ঘ সুইমিং পুল। বিশ্রাম কিংবা পরবর্তী যাত্রার জন্য অপেক্ষার সময় ভ্রমণকারীদের চিত্তবিনোদনের জন্য এ জায়গাকে বলা চলে একটুকরো স্বর্গ! হোটেলের চতুর্থ তলায় ভাইটালিটি ওয়েলবিইং অ্যান্ড ফিটনেস সেন্টারে রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রিত অভিজাত পুল। পাশেই রয়েছে জিম, স্কোয়াশ কোর্ট, স্পা ও ম্যাসাজের ব্যবস্থা। হোটেলের অতিথিদের জন্য সাঁতার ফ্রি। তবে অন্যদের গুনতে হয় ৪৮ ডলার।
নভোটেল ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দর
Novotel Bangkok Suvarnabhumi Airportএই বিমানবন্দরের মূল টার্মিনালের সঙ্গে সম্পৃক্ত নভোটেল ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট হোটেল। শীতাতপ নিয়ন্ত্রিত পাতাল সড়ক দিয়ে হেঁটে যেতে হয় সেখানে। এতে রয়েছে ২৫ মিটার দীর্ঘ মুগ্ধকর সুইমিং পুল। এর জলে ডুবে ক্লান্তি ঝেড়ে নেন ভ্রমণকারীরা। পুলের চারপাশ বাগান দিয়ে ঘেরা। সেখানকার বার খোলা থাকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। হোটেলের সব ধরনের সুবিধা পেতে একদিনের পাস নিতে লাগে ২২ মার্কিন ডলার (১৮৪২ টাকা)।
ফেয়ারমন্ট ভ্যানক্যুভার বিমানবন্দর, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা
Fairmont Vancouver Airport, Canadaমেঝে থেকে ছাদ পর্যন্ত বিমানবন্দরটির পুরোটাই দেখার মতো। এছাড়া রয়েছে শব্দরোধক (সাউন্ডপ্রুফ) জানালা। সেখানকার ইনডোর পুল অন্যতম আকর্ষণ। এর কথা খুব কম লোকই জানে। ট্রানজিট হোটেলের হেলথ ক্লাবে তিনটি স্তরে বিন্যস্ত এই পুল সাধারণত সাঁতার অনুশীলনের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। ফিটনেস সেন্টারে একদিনের অনুশীলনের জন্য ব্যয় করতে হয় ১৬ মার্কিন ডলার (১৩৪০ টাকা)।
ওয়েস্টিন ডেট্রয়েট মেট্রোপলিটন এয়ারপোর্ট
Westin Detroit Metropolitan Airportডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরের ম্যাকনামারা টার্মিনালের দোতলায় অবস্থিত ওয়েস্টিন হোটেলে রয়েছে ইনডোর সুইমিং পুল। সেখানকার ঊষ্ণ জলে ডুব দিয়ে সতেজ হয়ে নেন অনেকে। ৩৩.২৪ স্কয়ার মিটারের এই পুল থেকে রানওয়ে দেখার দৃশ্য বেশ উপভোগ্য। ওয়েস্টিন ডেট্রয়েট মেট্রোপলিটন এয়ারপোর্টের একপাশে রয়েছে ফিটনেস স্টুডিও। এগুলো ব্যবহারের জন্য অতিথিদের গুনতে হয় ১৫ মার্কিন ডলার (১২৫৬ টাকা)।
হিলটন মিউনিখ বিমানবন্দর, জার্মানি
Hilton Munich Airport, Germany১৭ মিটার দীর্ঘ এই ইনডোর পুলে মিলবে আরামদায়ক উষ্ণ জল। মিউনিখ বিমানবন্দর থেকে গন্তব্যে রওনা দেওয়ার আগে ভ্রমণকারীরা হিলটন হোটেলে ঢুঁ দিয়ে চাঙা হয়ে নিতে পারেন। টার্মিনাল ১ ও ২-এর মাঝামাঝি এর অবস্থান। প্রস্তুতি না থাকলেও অসুবিধে নেই, সেখান থেকে সাঁতার পোশাক কেনা যায়। ট্রানজিট হোটেলটিতে আরও আছে ‘ফিট অ্যান্ড ফ্লাই স্পা’। চাইলে সেখানেও বাথটাবে স্নান করা যায়। এছাড়া ফিটনেস সচেতন যাত্রীরা অত্যাধুনিক সব সরঞ্জামসমৃদ্ধ শরীরচর্চা কেন্দ্রে ঘাম ঝরাতে পারেন। সেখানে প্রবেশের জন্য কিনতে হয় কার্ড। দু’ঘণ্টার জন্য খরচা যাবে ৪০ মার্কিন ডলার (৩ হাজার ৩৫৭ টাকা)।
নতুন দুই বিমানবন্দর সুইমিং পুল
ডমিনিকান রিপাবলিকের পুনতা কানা আন্তর্জাতিক বিমানবন্দর ও নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আউটডোরে তৈরি হচ্ছে একটি করে সুইমিং পুল। এগুলোতে বোনাস হিসেবে থাকবে রানওয়ের দৃষ্টিনন্দন দৃশ্য।
Punta Cana International Airport, Dominican Republicপুনতা কানা আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের ডিসেম্বর থেকে ভ্রমণকারীরা পুলে সতেজ হওয়ার সুযোগ পাবেন। এটি মূলত নতুন ভিআইপি লাউঞ্জের অংশ। এর ডিজাইনার ডমিনিকান স্থপতি আন্তোনিও সেগানদো ইমবার্ত।
এদিকে জন এফ. কেনেডি বিমানবন্দরে টিডব্লিউএ ফ্লাইট সেন্টারের টার্মিনালে নির্মাণাধীন হোটেলের ছাদে থাকবে একটি পুল। ভবনটিকে হোটেলে রূপান্তরের জন্য এমসিআর ডেভেলপমেন্ট এলএলসি সাড়ে ২৬ কোটি ডলার বিনিয়োগ করছে। ডিজাইন করেছেন ফিনিশ স্থপতি ইরো সারিনেন। পুল ছাড়াও হোটেলটিতে থাকবে জাদুঘর।
সূত্র: সিএনএন