সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফট (ছবি: অনলাইন)সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়াচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-যশোর রুটে আর ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা-সিলেট রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে যশোর এবং সকাল ১১টা ১০ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে তাদের ফ্লাইট।

ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে সোম, বুধ, শুক্র ও শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুর এবং বিকাল ৪টা ৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে আসবে ইউএস-বাংলা ফ্লাইট।

এছাড়া ঢাকা-সিলেট-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি সান্ধ্যকালীন ফ্লাইটসূচি ঘোষণা করেছে। সিলেটবাসীর দীর্ঘদিনের চাহিদার প্রতি সমর্থন জানিয়ে এখন থেকে শনিবার ব্যতিত সপ্তাহে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেট এবং রাত ৮টা ৩৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে তাদের ফ্লাইট।

বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে যশোর ও সৈয়দপুর রুটে দুটি আর সিলেট রুটে একটি করে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হচ্ছে।

যাত্রা শুরুর পর থেকেই দেশের অভ্যন্তরীণ প্রতিটি রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কট ও দোহা রুটে যাত্রী পরিবহন করে এই আকাশযান প্রতিষ্ঠানটি। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে।