‘আকাশপথে যাতায়াতের নিরাপত্তা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ’

NOVOAIR Round Table Discussionউড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রোল অব মিডিয়া, প্রমোটিং এয়ারলাইন সেফটি’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।

গণমাধ্যমের সংবাদকর্মীদের উদ্দেশ্য করে নভোএয়ারের এমডির মন্তব্য, ‘বস্তুনিষ্ট ও নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টের মাধ্যমে উড্ডয়ন নিরাপত্তার উন্নয়নে অনন্য ভূমিকা রাখতে পারে। বিমানবন্দরগুলোর অবকাঠামো চিত্র, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, যুগোপযোগী নিয়মকানুন তৈরিসহ বিভিন্ন বিষয়ে সংবাদ প্রচারের মাধ্যমে যাত্রীদের সচেতনতা বৃদ্ধিতেও গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।’

মফিজুর রহমানের দাবি, নভোএয়ার যাত্রার শুরু থেকে সবসময়ই যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে ইতোমধ্যে নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে নভোএয়ার। আগামীতেও উড্ডয়ন নিরাপত্তা আর যাত্রীসেবাকে নভোএয়ার গুরুত্ব দেবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে এয়ারলাইন সেফটি বিষয়ে বিভিন্ন দিক আলোকপাত করেন নভোএয়ারের চিফ অফ সেফটি ক্যাপ্টেন আশফাক-উর-রহমান খাঁন। আলোচনায় অংশ নেন নভোএয়ারের পরিচালক হাসিবুর রশিদসহ বেসরকারি এই বিমান সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা।

নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।