বাংলাদেশে আতিথেতায় মুগ্ধতা প্রকাশ করেন স্যাম চুই। তিনি বলেন, ‘লম্বা সময় জার্নি করে বাংলাদেশে এসেছি। অনেক আগে একবার এই দেশে এসেছিলাম। এখন অনেক পরিবর্তন দেখছি। বিমান, বিমানবন্দরসহ সব জায়গায় বাংলাদেশের মানুষ আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমাকে। এ দেশের আতিথেয়তায় আমি মুগ্ধ।’
বাংলাদেশে পৌঁছেই বিকাল ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন স্যাম চু্ই। এতে তিনি লিখেছেন, ‘১৫ ঘণ্টার জার্নি করে কিছুক্ষণ আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় এসেছি। বিমান হয়তো বিশ্বসেরা এয়ারলাইনস নয়, তবে বিমানের লোকজন আমার মন জয় করেছে। তাদের আতিথেয়তা অসাধারণ।’
মঙ্গলবার (৫ মার্চ) সকালে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন স্যাম চুই। এছাড়া নিজের ফলোয়ারদের মধ্যে তিনজনকে নিয়ে বুধবার ঢাকা থেকে চট্টগ্রামে বিমানের ফ্লাইটে ভ্রমণ করবেন তিনি, যারা আগে কখনও আকাশপথে যাতায়াত করেননি।
ইউটিউবে বিভিন্ন দেশের এয়ারলাইনসের ফ্লাইট নিয়ে রিভিউ প্রকাশ করে জনপ্রিয়তা অর্জন করেন স্যাম চুই। আগামীতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নিয়েও থাকবে তার আকর্ষণীয় উপস্থাপনা।
ইউটিউবে স্যামের চ্যানেলে ৯ লাখ ৭০ হাজার সাবস্ক্রাইভার রয়েছে। যেখানে তিনি ২২৭টি ভিডিও প্রকাশ করেছেন। এছাড়া নিজের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামেও নিয়মিত এভিয়েশন নিয়ে পোস্ট করেন স্যাম। বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে। উড়োজাহাজে প্রতি বছর তিন লাখ মাইল ভ্রমণ করেন বিখ্যাত এই এভিয়েশন ব্লগার।