বিমানের হ্যাঙ্গারে প্রস্তুত ময়ূরপঙ্খী

বিমানের হ্যাঙ্গারের সামনে ময়ূরপঙ্খীবিমান বাংলাদেশ এয়ারলাইনসের ছিনতাই চেষ্টার কবলে পড়া ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে প্রস্তুত। মেরামতের কাজ শেষে এটি আবারও ওড়ার অপেক্ষায় রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি মিললেই বুধবার (৬ মার্চ) থেকে উড়বে এই আকাশযান।

বিমানটি প্রাথমিক মেরামত শেষে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আনা হয়। বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বিমানই পরীক্ষা করে দেখা হয়েছে। মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছে। ময়ূরপঙ্খীর রেজি. নং এস২এএইচভি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেরামতের কাজ শেষ হয়েছে। বেবিচক অনুমতি দিলেই বিমানটি ফের যাত্রী পরিবহন শুরু করবে। বুধবার থেকেই এটি আবারও পরিচালনা করা সম্ভব হবে আশা করছি।’