খাঁজকাটা পাহাড়, খাড়া পাথুরে দেয়াল আর গভীর গিরিখাত—দৃশ্যপট দেখলে মনে হতে পারে যেন যুক্তরাষ্ট্রের ব্লু রিজ পর্বতমালার বুকেই তৈরি হয়েছে ছোট্ট এক গ্র্যান্ড ক্যানিয়ন। নর্থ ক্যারোলাইনার পিসগাহ ন্যাশনাল ফরেস্টের অংশ লিনভিল গর্জ ওয়াইল্ডারনেস এলাকা এমনই এক মনোমুগ্ধকর ভ্রমণ গন্তব্য।
প্রায় ১২ হাজার একরজুড়ে বিস্তৃত এই দুর্গম প্রাকৃতিক এলাকায় রয়েছে গভীর গিরিখাত, খাড়া পাথরের দেয়াল ও পাহাড়ি ভূপ্রকৃতির অপূর্ব সমাহার। অ্যাশভিল শহর থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত এলাকাটি প্রকৃতিপ্রেমী ও হাইকিংপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়।
গিরিখাতের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে চাইলে হাঁটা যায় হকসবিল মাউন্টেন ট্রেইল ধরে। মাঝারি মাত্রার এই দুই মাইলের যাওয়া-আসার পথে মিলবে লিনভিল গর্জ ও আশপাশের পাহাড়ের দারুণ সব দৃশ্য। আকাশ পরিষ্কার থাকলে দূরে প্রায় ৯০ মাইলের ব্যবধানে থাকা শার্লট শহরের আকাশরেখাও দেখা যেতে পারে।
যারা অপেক্ষাকৃত সহজ পথে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে ওয়াইজম্যানস ভিউ। মাত্র এক-চতুর্থাংশ মাইলের হুইলচেয়ার-উপযোগী পথ ধরে পৌঁছানো যায় এই ভিউপয়েন্টে। সেখান থেকে গিরিখাত ও চারপাশের পাহাড়ের বিস্তৃত দৃশ্য এক নজরেই উপভোগ করা যায়।
তবে লিনভিল গর্জের আকর্ষণ শুধু দিনের আলোতেই সীমাবদ্ধ নয়। সূর্যাস্তের পরও কিছুটা সময় থেকে গেলে দেখা মিলতে পারে রহস্যময় ব্রাউন মাউন্টেন লাইটসের। স্থানীয়দের অনেকের দাবি, রাতের পাহাড়ের ওপর ভাসতে দেখা যায় অদ্ভুত আলোর গোলক। এই রহস্যময় আলোর উৎস নিয়ে নানা মত থাকলেও এর উপস্থিতির গল্প পর্যটকদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
পাহাড়, গিরিখাত, দূরের শহরের আকাশরেখা আর রহস্যময় রাতের আলো—সব মিলিয়ে লিনভিল গর্জ ওয়াইল্ডারনেস হতে পারে নর্থ ক্যারোলাইনা ভ্রমণের এক স্মরণীয় ঠিকানা।