বাভারিয়ার ১৩০ বছরের পুরোনো ভিলায় আধুনিক হোটেল

মিউনিখ থেকে গাড়িতে এক ঘণ্টারও কম দূরে জার্মানির টেগার্নসি। গ্রীষ্ম এলেই শহরবাসীর ভিড় বাড়ে এই লেকঘেরা এলাকায়। সবুজে ঘেরা বিয়ার গার্ডেন, গ্রামীণ রেস্তোরাঁয় ঐতিহ্যবাহী ক্নোডেল ডাম্পলিং আর লেকের পানিতে নৌভ্রমণ—সব মিলিয়ে এটি বাভারিয়ার জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র।

তবে টেগার্নসির শান্ত গ্রাম গমুন্ড আম টেগার্নসি-তে সম্প্রতি চালু হওয়া ব্লিব হোটেলটি প্রচলিত বাভারিয়ান আবহের চেয়ে একেবারেই আলাদা। ১৮৯২ সালের পুরোনো একটি ভিলাকে নতুনভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে এই হোটেল। ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে এখানে যুক্ত হয়েছে সমকালীন নকশা, খাবার ও বিনোদনের আয়োজন।

১৩০ বছরের পুরোনো ভিলায় আধুনিক সাজ

ব্লিবের মূল ভবনটির ইতিহাস ১৮৯২ সাল পর্যন্ত পৌঁছে যায়। পুরোনো ভিলাটির মূল স্টুকো চিত্রকর্ম ও নকশাদার কাঠের বারান্দা এখনও সংরক্ষিত রয়েছে। তবে সেগুলোর সঙ্গে মিলিয়ে পুরো হোটেলে ব্যবহার করা হয়েছে পরিচ্ছন্ন, সাদাকালো আধুনিক সাজসজ্জা।

ফলে বাইরে থেকে ঐতিহাসিক বাভারিয়ান ভিলার চরিত্র দেখা গেলেও ভেতরে প্রবেশ করলে পাওয়া যায় একেবারে সমকালীন আবহ। পুরোনো স্থাপত্য আর আধুনিক ডিজাইনের এই বৈপরীত্যই ব্লিবকে আলাদা করে তুলেছে।

হোটেলেই খাবার, যোগব্যায়াম সংগীত

শুধু থাকার জায়গা হিসেবে নয়, ব্লিবকে তৈরি করা হয়েছে সামাজিকতা ও বিনোদনের একটি আধুনিক কেন্দ্র হিসেবেও। এখানে রয়েছে আউটডোর যোগব্যায়ামের ডেক। ফলে পাহাড় ও সবুজের পরিবেশে সকালে যোগব্যায়াম করার সুযোগ রয়েছে অতিথিদের।

খাবারের ক্ষেত্রেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। হোটেলের রেস্তোরাঁ পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে মিউনিখের জনপ্রিয় রেস্তোরাঁ মুরাল-এর দল।

হোটেলে নিয়মিত বিভিন্ন আয়োজনও হতে পারে। এর মধ্যে রয়েছে ডোনার কাবাব ও ডিজে পপ-আপ, আবার কখনও লাইব্রেরিতে হতে পারে ছোট পরিসরের আনপ্লাগড সংগীত পরিবেশনা। অর্থাৎ ঐতিহাসিক ভবনের ভেতরেও থাকছে সমকালীন শহুরে সংস্কৃতির ছাপ।

বাভারিয়ার চেনা ছবির বাইরে

টেগার্নসিতে এখনও কোথাও কোথাও ঐতিহ্যবাহী লেডারহোসেন ও ডির্ন্ডল পরা মানুষ দেখা যায়। কিন্তু ব্লিব সেই চেনা বাভারিয়ান পর্যটন-ছবির বাইরে গিয়ে নতুন প্রজন্মের ভ্রমণকারীদের জন্য তৈরি করেছে ভিন্নধর্মী থাকার অভিজ্ঞতা।

লেক, পাহাড়, ঐতিহ্যবাহী বাভারিয়ান সংস্কৃতি আর আধুনিক হোটেল, সব মিলিয়ে টেগার্নসি ভ্রমণে ব্লিব হতে পারে পুরোনো জার্মান স্থাপত্যের মধ্যে সমকালীন জীবনযাপনের স্বাদ নেওয়ার একটি আকর্ষণীয় ঠিকানা।

থাকার খরচ: প্রাতরাশ ছাড়া দুজনের জন্য প্রতি রাত প্রায় ১১২ পাউন্ড থেকে।