নতুন আকর্ষণে পর্যটকদের ডাকছে আবুধাবি

মরুভূমির শহর আবুধাবি দীর্ঘদিন ধরেই বিলাসবহুল ভ্রমণ ও আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত। তবে ২০২৬ সালে শহরটির পর্যটন আকর্ষণের তালিকায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। একদিকে সাদিয়াত কালচারাল ডিস্ট্রিক্টে একের পর এক জাদুঘর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান চালু হচ্ছে, অন্যদিকে ইয়াস আইল্যান্ডে বাড়ছে থিম পার্ক ও বিনোদনের আয়োজন।

নতুন জাদুঘরে আবুধাবির ইতিহাস

আবুধাবির সাংস্কৃতিক পরিবর্তনের কেন্দ্রবিন্দু এখন সাদিয়াত কালচারাল ডিস্ট্রিক্ট। ২০১৭ সালে লুভর আবুধাবি চালুর মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সাম্প্রতিক নতুন উদ্বোধনগুলো সেটিকে আরও বিস্তৃত করেছে।

চালু হয়েছে টিমল্যাব ফেনোমেনা বিশ্বের বৃহত্তম ডিজিটাল আর্ট মিউজিয়াম হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি দর্শনার্থীদের জন্য নতুন ধরনের শিল্প-অভিজ্ঞতা তৈরি করছে।

এর পাশাপাশি দর্শনার্থীদের জন্য খুলেছে জায়েদ ন্যাশনাল মিউজিয়াম। এখানে তেল আবিষ্কারের আগের আমিরাতের জীবন ও ইতিহাস তুলে ধরা হয়েছে। মুক্তা আহরণ, ইসলামের প্রভাব, আরবি ভাষার বিস্তার এবং দেশটির প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ভূমিকার পাশাপাশি তুলে ধরা হয়েছে দেশটির সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ইতিহাস।

সাদিয়াতের নতুন আকর্ষণের মধ্যে রয়েছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আবুধাবিও। পারস্য উপসাগরের তীরে গড়ে ওঠা এই জাদুঘরের নকশায় অঞ্চলটির ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রভাব রয়েছে।

অপেক্ষায় গুগেনহাইম

আবুধাবির সাংস্কৃতিক উচ্চাকাঙ্ক্ষার সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি গুগেনহাইম আবুধাবি। চালু হলে এটি হবে গুগেনহাইমের সবচেয়ে বড় জাদুঘর। প্রকল্পটি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এর উদ্বোধন ২০২৬ সালের শেষ দিকে, কিংবা তারও পরে হতে পারে।

ইয়াস আইল্যান্ডে বাড়ছে বিনোদন

শুধু জাদুঘর ও শিল্পকলাই নয়, পরিবার নিয়ে ভ্রমণের জন্যও আবুধাবি নতুন আকর্ষণ তৈরি করছে। শহরের জনপ্রিয় ইয়াস আইল্যান্ডে থিম পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোর সম্প্রসারণ চলছে।

ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ড আবুধাবিতে যুক্ত হচ্ছে হ্যারি পটারভিত্তিক নতুন অংশ। ইয়াস ওয়াটারওয়ার্ল্ডেও তৈরি হচ্ছে আরও বড় স্লাইড ও রাইডের জোন।

এর বাইরে ইয়াস আইল্যান্ডে মধ্যপ্রাচ্যের প্রথম ডিজনিল্যান্ড তৈরির পরিকল্পনাও এগোচ্ছে। আগামী বছরগুলোতে এর নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ফলে আবুধাবির ভ্রমণ এখন শুধু বিলাসবহুল হোটেল, মরুভূমি আর আধুনিক স্থাপত্য ঘিরে নয়। নতুন জাদুঘর, শিল্পকলা, ইতিহাস ও বড় পরিসরের বিনোদনকেন্দ্র মিলিয়ে শহরটি নিজেকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও জোরালোভাবে তুলে ধরছে।