চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় দুই ঘণ্টা দক্ষিণে কোলচাগুয়া ভ্যালি। আর্জেন্টিনা সীমান্তের তুষারঢাকা আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই উপত্যকা চিলির অন্যতম গুরুত্বপূর্ণ ওয়াইন অঞ্চল। তিংগুইরিরিকা নদীর পথ ধরে গড়ে ওঠা এই এলাকায় ওয়াইনের পাশাপাশি রয়েছে ঐতিহাসিক হ্যাসিয়েনদা, হাইকিং ট্রেইল, স্থানীয় বাজার ও গ্রামীণ সংস্কৃতি।
প্যাটাগোনিয়া বা আতাকামা মরুভূমির পথে সান্তিয়াগো থেকে সরাসরি এগিয়ে না গিয়ে কয়েক দিনের রোড ট্রিপে কোলচাগুয়া ভ্যালি ঘুরে দেখা যেতে পারে। এতে চিলির আন্তর্জাতিকভাবে পরিচিত ওয়াইনশিল্পের পাশাপাশি অঞ্চলটির প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যও দেখা যাবে।
ভিউ মানেন্ট, লস ভাসকোস, কাসা সিলভা ও মন্টগ্রাসের মতো প্রতিষ্ঠিত ওয়াইনারিগুলো দীর্ঘদিন ধরেই পর্যটকদের ওয়াইন স্বাদ নেওয়ার সুযোগ দিয়ে আসছে। কাছের ক্যাচাপোয়াল অঞ্চলের বিলাসবহুল আঙুরবাগান-হোটেল ভিক ২০২৫ সালে বিশ্বের সেরা ওয়াইনারি হিসেবে স্বীকৃতি পাওয়ার আগেই কোলচাগুয়ার ওয়াইনভ্রমণ বেশ জনপ্রিয় ছিল।
ওয়াইনের সঙ্গে স্থানীয় খাবারও এই ভ্রমণের বড় আকর্ষণ। মন্টেস ওয়াইনারির আঙুরক্ষেতের মধ্যে ফুয়েগোস দে আপাল্টায় আগুনে ঝলসানো খাবারের স্বাদ নেওয়া যায়। রেস্তোরাঁটির সঙ্গে যুক্ত আছেন বিখ্যাত শেফ ফ্রান্সিস ম্যালম্যান।
ওয়াইনপ্রেমীদের জন্য থাকার ব্যবস্থাও রয়েছে আঙুরক্ষেতের কাছাকাছি। লাপোস্তোল পরিবারের ওয়াইন প্রতিষ্ঠান ক্লোস আপাল্টায় পাহাড়ের ঢালে তৈরি ১০টি আধুনিক ভিলা রয়েছে। ভিলাগুলো এমনভাবে নির্মিত যে দূর থেকে মনে হয়, পাহাড়ের ঢালে ভেসে আছে। চারপাশের ঢালে রয়েছে কারমেনের, ক্যাবারনে ও সিরাহ আঙুরের বাগান।
কাউবয় সংস্কৃতি ও তারাভরা আকাশ
কোলচাগুয়া শুধু ওয়াইনের জন্য নয়, চিলির কাউবয় সংস্কৃতির সঙ্গেও পরিচিত। এখানে রোডিও দেখার পাশাপাশি খোলা আকাশের নিচে গ্রামীণ জীবন উপভোগ করা যায়।
রাত হলে ভ্রমণের অভিজ্ঞতায় যোগ হয় আরেক আকর্ষণ তারাভরা আকাশ। সেরো চামান অবজারভেটরিতে গিয়ে রাতের আকাশ পর্যবেক্ষণ করা যায়।
এ ছাড়া সান্তা ক্রুজ ও লোললের মতো ছোট শহরগুলোতে রয়েছে স্থানীয় বাজার এবং স্প্যানিশ ঔপনিবেশিক আমলের মাটির তৈরি ঐতিহ্যবাহী বাড়ি।
৩০ বছর পূর্ণ করল ওয়াইন রুট
এ বছর চিলির প্রথম ওয়াইন রুট চালুর ৩০ বছর পূর্তি। তিন দশক পরও এই রুট কোলচাগুয়ার খাবার, ওয়াইন ও স্থানীয় সংস্কৃতিকে পর্যটকদের সামনে তুলে ধরছে।
তাই চিলি ভ্রমণে শুধু সান্তিয়াগো, প্যাটাগোনিয়া বা আতাকামার মধ্যে সীমাবদ্ধ না থেকে কোলচাগুয়া ভ্যালিকে কয়েক দিনের রোড ট্রিপের গন্তব্য হিসেবে রাখা যেতে পারে।