বিশ্বের সেরা হোটেল রোজউড হংকং, কী আছে এই বিলাসবহুল ঠিকানায়?

বিশ্বের সেরা হোটেলের তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছে হংকংয়ের রোজউড হংকং। ‘দ্য ৫০ বেস্ট হোটেলস’ ২০২৬ তালিকায় টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের এক নম্বর হোটেল নির্বাচিত হয়েছে এটি। ১৫ সেপ্টেম্বর প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশ করা হয় এবারের তালিকা। একই সঙ্গে রোজউড হংকং পেয়েছে এশিয়ার সেরা হোটেলের স্বীকৃতিও।

ভিক্টোরিয়া হারবারের তীরে অবস্থিত এই বিলাসবহুল হোটেলটি ২০২৪ সালের তালিকায় তৃতীয় এবং ২০২৫ সালে প্রথম স্থানে ছিল। ২০২৬ সালেও শীর্ষস্থান ধরে রেখে রোজউড হংকং এমন একটি বিরল সাফল্য অর্জন করেছে, যেখানে একই হোটেল টানা দুই বছর বিশ্বের এক নম্বর হয়েছে।

৬৫ তলা ভবনের সুউচ্চ রোজউড হংকং হোটেল (ছবি: সংগৃহীত)

হারবারের তীরে বিলাসবহুল ঠিকানা

হংকংয়ের সিম শা সুই এলাকায় ভিক্টোরিয়া হারবারের পাশে একটি ৬৫ তলা ভবনে অবস্থিত রোজউড হংকং। ২০১৯ সালে অতিথিদের জন্য হোটেলটির দরজা খুলে দেওয়া হয়। আধুনিক স্থাপত্য, শহরের দৃশ্য এবং বিলাসবহুল আতিথেয়তার সমন্বয়ে অল্প সময়েই এটি আন্তর্জাতিক পর্যটকদের কাছে পরিচিত হয়ে ওঠে।

হোটেলটিতে রয়েছে মোট ৪১৩টি কক্ষ ও স্যুট, যা ৪৩টি তলায় বিস্তৃত। অনেক কক্ষ থেকেই দেখা যায় ভিক্টোরিয়া হারবার ও হংকংয়ের ব্যস্ত নগরদৃশ্য। ফলে শহরের প্রাণচাঞ্চল্যকে কাছ থেকে উপভোগ করার পাশাপাশি অতিথিরা পান বিলাসবহুল ও আরামদায়ক থাকার পরিবেশ।

রোজউড হংকংয়ের অন্যতম আকর্ষণ এর খাবারের আয়োজন (ছবি: পিক্সেল)

খাবারের আয়োজনেও বৈচিত্র্য

রোজউড হংকংয়ের অন্যতম আকর্ষণ এর খাবারের আয়োজন। হোটেলটিতে রয়েছে ১১টি ডাইনিং কনসেপ্ট। এর মধ্যে রয়েছে এক মিশেলিন-তারকা পাওয়া ক্যান্টনিজ রেস্তোরাঁ দ্য লিগ্যাসি হাউস, ফরাসি খাবারের রেস্তোরাঁ মারমো বিস্ত্রো এবং হংকংয়ের স্থানীয় খাবারের আধুনিক পরিবেশনা নিয়ে হল্টস ক্যাফে।

এ ছাড়া রয়েছে এক মিশেলিন-তারকা পাওয়া ভারতীয় রেস্তোরাঁ চাট। অতিথিদের জন্য রয়েছে দুটি বারও। এর মধ্যে ডার্কসাইড নামের বারটি হংকংয়ের রাতের বিনোদনজগতের অন্যতম পরিচিত ঠিকানা।

এখানে রয়েছে আরামদায়কভাবে থাকার পরিবেশ (ছবি: সংগৃহীত)

সুস্থতা ও অবসরের আয়োজন

শুধু খাবার আর থাকার সুবিধাই নয়, অতিথিদের আরাম ও সুস্থতার দিকেও গুরুত্ব দিয়েছে রোজউড হংকং। এখানে রয়েছে আসায়া স্পা, যেখানে বিভিন্ন ধরনের ওয়েলনেস ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। একাধিক তলায় বিস্তৃত এই স্পার পাশাপাশি রয়েছে ইনফিনিটি পুল এবং ব্যক্তিগত আসায়া লজ।

শহরের ব্যস্ততার মধ্যেও বিশ্রাম ও শরীর-মনকে সতেজ রাখার সুযোগ তৈরি করাই এই ওয়েলনেস সুবিধাগুলোর অন্যতম উদ্দেশ্য।

হোটেল কক্ষ থেকে উপভোগ করাি যায় হংকং শহরের ব্যস্ততা (ছবি: পিক্সেল)

টানা দ্বিতীয়বার শীর্ষে

রোজউড হংকংয়ের এবারের সাফল্য শুধু প্রথম স্থান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। হোটেলটি ২০২৬ সালের ‘বেস্ট হোটেল ইন এশিয়া’ স্বীকৃতিও পেয়েছে। একই সঙ্গে রোজউড ব্র্যান্ড পেয়েছে ‘মোস্ট অ্যাডমায়ার্ড হোটেল গ্রুপ’ পুরস্কার।

২০২৬ সালের সেরা ৫০ হোটেলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংককের ক্যাপেলা ব্যাংকক এবং তৃতীয় স্থানে ফোর সিজনস ব্যাংকক অ্যাট চাও ফ্রায়া রিভার। তালিকায় ভারতের তাজ মহল প্যালেস রয়েছে ৩০তম স্থানে।

রোজউড হংকংয়ের টানা দ্বিতীয়বারের এই শীর্ষস্থান দেখায়, আধুনিক নগরজীবন, বিলাসবহুল আতিথেয়তা, বৈচিত্র্যময় খাবার এবং ওয়েলনেস সুবিধাকে এক ছাদের নিচে মিলিয়ে কীভাবে একটি হোটেল আন্তর্জাতিক পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করতে পারে।