‘পর্যটন পুরস্কার’ পেলেন যারা

দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তা এবং পর্যটন সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগ।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) উদ্যোগে এ পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়। পরে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাই শেষে ১৬টি ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করে।

শনিবার বিকেলে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

এবার বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগের পুরস্কার পেয়েছে সাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন। বর্ষসেরা পাঁচ তারকা হোটেল নির্বাচিত হয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। চার তারকা হোটেল হিসেবে পুরস্কার পেয়েছে হোটেল আগ্রাবাদ এবং তিন তারকা হোটেল হিসেবে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচটিপিএলসি।

ট্যুর অপারেটরদের মধ্যে বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর হয়েছে দি বেঙ্গল ট্যুরস লিমিটেড। বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটরের পুরস্কার পেয়েছে শেয়ারট্রিপ লি.। বর্ষসেরা বিনোদন পার্ক নির্বাচিত হয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।

তরুণ উদ্যোক্তাদের স্বীকৃতিতে বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তার পুরস্কার পেয়েছে বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার। বর্ষসেরা হোমস্টে নির্বাচিত হয়েছে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস।

পর্যটনভিত্তিক কনটেন্ট তৈরিতে বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)। বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগের পুরস্কার পেয়েছে বিডি টিকেটস।

নারী উদ্যোক্তাদের মধ্যে বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন নুরানী শারমিন আফরোজ। পর্যটন পরিবহনের ক্ষেত্রে বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেলের পুরস্কার পেয়েছে এম ভি মালঙ্গি।

এ ছাড়া বর্ষসেরা ট্যুর গাইড নির্বাচিত হয়েছেন মো. সারোয়ার জাহান (মিঠু)। বর্ষসেরা মাইস উদ্যোগের পুরস্কার পেয়েছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। আর বর্ষসেরা পর্যটন সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন মো. নাঈম উল ইসলাম।