বাসেই মিলবে বিমানের মতো সেবা, রয়েছে হোস্টেস ও ব্যক্তিগত বিনোদন

বাসযাত্রা মানেই দীর্ঘ সময় ধরে সাধারণ আসনে বসে পথ চলা। তবে এমন ধারণা এবার বদলে দিতে যাচ্ছে ভারতের কেরালার একটি বিলাসবহুল বাসসেবা। বিমানের মতো আরাম, ব্যক্তিগত বিনোদনের ব্যবস্থা, ওয়াই-ফাই, খাবার পরিবেশন থেকে শুরু করে সংযুক্ত শৌচাগার সবকিছু নিয়ে যাত্রীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা দিচ্ছে কেরালা রাজ্য সড়ক পরিবহন নিগমের বিশেষ বাস।

কেরালায় চলাচলকারী এই বাসের অভিজ্ঞতা তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী অজয় জনি। সেখানে দেখা যায়, বাসটিতে রয়েছে আরামদায়ক আসন, ব্যক্তিগত বিনোদনের পর্দা এবং সংযুক্ত শৌচাগার। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে যাত্রীসেবার জন্য থাকা নারী কর্মী। তিনি বিমানের মতোই যাত্রীদের কাছে গিয়ে নাশতা ও পানীয় পরিবেশন করেন।

বাসটিতে রয়েছে মোট ৩৬টি হেলানো যায় এমন আরামদায়ক আসন। প্রতিটি আসনের সঙ্গে রয়েছে আলাদা বিনোদন ব্যবস্থা। ফলে দীর্ঘ যাত্রায় যাত্রীরা নিজেদের পছন্দমতো বিনোদন উপভোগ করতে পারবেন।

যাত্রীদের সুবিধার জন্য বাসের ভেতরে রয়েছে ছোট আকারের শীতলীকরণ যন্ত্র এবং কফি তৈরির ব্যবস্থা। মোবাইল ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চার্জ দেওয়ার জন্য রয়েছে ইউএসবি সংযোগ। পুরো যাত্রাপথে বিনা মূল্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগও থাকছে।

যে পথে চলে বাস

কেরালা রাজ্য সড়ক পরিবহন নিগমের এই বিশেষ বাস তিরুবনন্তপুরম ও কোচির মধ্যে চলাচল করে। যাত্রাপথের দূরত্ব রুটভেদে প্রায় ২০০ থেকে ২২৭ কিলোমিটার।

নির্ধারিত সময় অনুযায়ী, বাসটি ভোর ৫টা ৩০ মিনিটে তিরুবনন্তপুরম থেকে ছেড়ে যায়। পথে কোল্লাম আয়াথিল, আলাপ্পুঝা কোমাদি ও হাইকোর্ট এলাকায় থেমে সকাল সাড়ে ৯টার দিকে এরনাকুলামে পৌঁছায়।

অন্যদিকে এরনাকুলাম থেকে বাসটি বিকাল ৫টা ৩০ মিনিটে ছাড়ে। একই পথ ধরে রাত সাড়ে ৯টার দিকে তিরুবনন্তপুরমে পৌঁছায়। এরনাকুলাম থেকে তিরুবনন্তপুরম এবং বিপরীতমুখী এই বিশেষ বাসসেবা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চালু থাকে।

ভাড়া ও সুবিধা

তিরুবনন্তপুরম থেকে এরনাকুলাম যেতে এই বিশেষ বাসের ভাড়া ৬৭১ ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬০ টাকা। সাধারণ বাসের তুলনায় ভাড়া বেশি হলেও আরামদায়ক আসন, ব্যক্তিগত বিনোদন, তারবিহীন ইন্টারনেট, খাবার পরিবেশন ও অন্যান্য সুবিধার কারণে যাত্রীদের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠেছে।

টিকিট কাটবেন যেভাবে

যাত্রীরা কেরালা রাজ্য সড়ক পরিবহন নিগমের অনলাইন টিকিট সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে টিকিট কাটতে পারবেন। এ ছাড়া ৯৪৪৭০৭১০২১ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও টিকিট সংরক্ষণের সুযোগ রয়েছে।

অনলাইনে টিকিট কাটার সময় যাত্রার পথ, তারিখ, নির্দিষ্ট বাস এবং পছন্দের আসন বেছে নেওয়া যাবে। অর্থ পরিশোধের পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাত্রীর কাছে ই-টিকিট ও সংরক্ষণসংক্রান্ত নম্বর পাঠিয়ে দেওয়া হবে।

দীর্ঘপথের যাত্রায় আরাম ও ব্যক্তিগত সেবাকে গুরুত্ব দিয়ে তৈরি এই বাসসেবা সড়কপথের ভ্রমণে যোগ করেছে নতুন মাত্রা। বিমানের মতো পরিবেশ ও নানা সুবিধার কারণে দূরপাল্লার বাসযাত্রার অভিজ্ঞতাই বদলে দিতে পারে এমন উদ্যোগ।

 

সূত্র: এনডিটিভি