শীতের স্টকহোমে মোমের আলোয় স্পা, সনাস্নান আর বরফশীতল জলে ডুব

শীতের সন্ধ্যায় মোমবাতির মৃদু আলোয় সাঁতার কাটা, সনাস্নানের পর বরফশীতল জলে ডুব দেওয়া, আর সব শেষে এক গ্লাস পানীয় হাতে উপভোগ করা শহরের মনোরম দৃশ্য—এমন অভিজ্ঞতার খোঁজে ইউরোপ ভ্রমণে যেতে পারেন সুইডেনের রাজধানী স্টকহোমে। ঐতিহ্যবাহী স্থাপত্য, আরামদায়ক স্পা এবং চোখজুড়ানো প্রাকৃতিক দৃশ্যে শহরটি হয়ে উঠতে পারে শীতের ছুটিতে সুস্থতা ও প্রশান্তি খোঁজার আদর্শ গন্তব্য।

স্টকহোমের একটি মনোরম শপিং স্ট্রিটের আড়ালে, আর্ট নুভো স্থাপত্যশৈলীর এক সুন্দর ভবনে রয়েছে শহরের অন্যতম প্রাচীন স্পা সেন্টার সেন্ট্রালবাদেত। এখানে এক দিনের প্রবেশমূল্য শুরু ২৩ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৭৫০ টাকা থেকে শুরু। শীতের অন্ধকার যখন শহরকে ঘিরে ধরে, তখন সুইমিং পুলের চারপাশে জ্বলে ওঠে মোমবাতি। মৃদু আলো আর শান্ত পরিবেশে সাঁতার কাটার অভিজ্ঞতা হয়ে ওঠে অন্য রকম।

সাঁতারের পর রয়েছে সনাস্নানের সুযোগ। আর তার পরেই বরফশীতল জলে ডুব দিয়ে শরীরকে সতেজ করে নেওয়া যায়। স্পা-র এই অভিজ্ঞতা শুধু শরীরকে আরাম দেওয়ার জন্য নয়, ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে নিজের জন্য সময় কাটানোরও একটি উপায়।

স্পা থেকে বেরিয়ে শীতল, নির্মল বাতাসে কিছুটা হাঁটাহাঁটির পর গন্তব্য হতে পারে ফটোগ্রাফিস্কা রেস্তোরাঁ। রাতের শেষ পানীয় হাতে এখানে বসে উপভোগ করা যায় স্টকহোমের অন্যতম মনোরম দৃশ্য। চোখের সামনে দেখা মিলবে শহরের ঐতিহাসিক পুরোনো এলাকা গামলা স্তান এবং মেলারেন হ্রদের বুকে ছড়িয়ে থাকা ঝলমলে আলোর সারি।

যারা ভ্রমণের মধ্যে বিশ্রাম, শরীরচর্চা ও প্রকৃতির সৌন্দর্য সব কিছুর স্বাদ পেতে চান, তাদের জন্য স্টকহোমের এই স্পা-অভিজ্ঞতা হতে পারে বিশেষ আকর্ষণ। শীতের সন্ধ্যায় মোমের আলোয় সাঁতার, সনাস্নান, বরফশীতল জলে ডুব এবং হ্রদের ধারে রাতের দৃশ্য এই ভ্রমণকে করবে প্রশান্তিময় এক অবকাশযাপন।