ভ্রমণে বের হলে মুঠোফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা এড়াতে অনেকেই সঙ্গে রাখেন পাওয়ার ব্যাংক। দীর্ঘ যাত্রা, বিমানবন্দরে অপেক্ষা কিংবা ফ্লাইট দেরি হলে এই ছোট যন্ত্রটি বেশ কাজে আসে। কিন্তু বিমানে ওঠার সময় পাওয়ার ব্যাংক সঙ্গে নেওয়া, সেটি কোথায় রাখা যাবে এবং উড়োজাহাজে বসে তা দিয়ে মুঠোফোনে চার্জ দেওয়া যাবে কি না এসব বিষয়ে অনেক যাত্রীরই স্পষ্ট ধারণা নেই। অথচ নিরাপত্তার স্বার্থে পাওয়ার ব্যাংক বহন ও ব্যবহারের ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম।
পাওয়ার ব্যাংকে থাকে লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা অল্প জায়গায় প্রচুর শক্তি সঞ্চয় করে রাখতে পারে। ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে, অতিরিক্ত গরম হয়ে গেলে কিংবা বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা জরুরি।
বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার কতটা নিরাপদ?
পাওয়ার ব্যাংকের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে দ্রুত তাপ ছড়াতে শুরু করলে আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকে। ব্যাটারির এই বিপজ্জনক অবস্থাকে বলা হয় ‘থার্মাল রানঅ্যাওয়ে’। এ ধরনের ঝুঁকি এড়াতে বিমান সংস্থাগুলো পাওয়ার ব্যাংক বহন, সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করে।
সম্প্রতি নেদারল্যান্ডসের কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনসের আমস্টারডাম থেকে কুরাসাওগামী একটি উড়োজাহাজে পাওয়ার ব্যাংকে আগুন লাগার ঘটনা এ বিষয়ে নতুন করে সতর্ক করেছে। ডাচ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজনেস শ্রেণির কেবিনে এক যাত্রীর পাওয়ার ব্যাংক চার্জে থাকা অবস্থায় আগুন ধরে যায়। পরে উড়োজাহাজের ক্যাপ্টেন সেটিকে বিমানবন্দরে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ঘটনাটি দেখিয়ে দেয়, ছোট একটি যন্ত্র থেকেও উড়োজাহাজে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
উড়োজাহাজে বসে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়া যাবে?
পাওয়ার ব্যাংক সঙ্গে নেওয়ার অনুমতি থাকলেও সেটি ব্যবহার করে মুঠোফোন বা অন্য কোনও যন্ত্রে চার্জ দেওয়ার অনুমতি সব বিমান সংস্থায় নেই। নিরাপত্তার কারণে অনেক সংস্থা উড়োজাহাজে থাকা অবস্থায় পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করেছে।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার নির্দেশনায় উড়োজাহাজ চলাচলের সময়, উড্ডয়ন ও অবতরণের পর্যায়ে পাওয়ার ব্যাংক ব্যবহার করে অন্য যন্ত্রে চার্জ দেওয়ার ক্ষেত্রে সতর্কতার কথা বলা হয়েছে। আবার কিছু বিমান সংস্থা আসনের পাশে থাকা বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার অনুমতিও দেয় না। যেমন, ব্রিটিশ এয়ারওয়েজের নিয়ম অনুযায়ী, আসনের বিদ্যুৎ সংযোগ ব্যক্তিগত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের জন্য, পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার জন্য নয়।
তাই বিমানে ওঠার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার নিয়ম জেনে নেওয়া জরুরি। অন্য যাত্রীর কাছ থেকে শোনা তথ্যের ওপর নির্ভর না করে সংস্থার নিজস্ব নির্দেশনা অনুসরণ করাই নিরাপদ।
কোথায় রাখবেন পাওয়ার ব্যাংক?
বিমানে ভ্রমণের সময় পাওয়ার ব্যাংক কখনোই চেক-ইন করা লাগেজে রাখা উচিত নয়। এটি হাতব্যাগে রাখতে হবে, যাতে প্রয়োজনে সহজেই নাগালে পাওয়া যায়। অতিরিক্ত ব্যাটারি থাকলে সেগুলোও নিরাপদভাবে সংরক্ষণ করতে হবে, যেন ধাতব বস্তু বা অন্য কোনও সংযোগের কারণে শর্টসার্কিট না ঘটে।
পাওয়ার ব্যাংক এমন জায়গায় রাখুন, যেখান থেকে সহজে বের করা যায় এবং ব্যাটারির তাপমাত্রা বা অবস্থার পরিবর্তন নজরে রাখা সম্ভব। এটি ক্ষতিগ্রস্ত, ফুলে যাওয়া বা অস্বাভাবিক গরম হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিলে ব্যবহার করবেন না। এমন অবস্থায় বিমানকর্মীদের দ্রুত জানানো উচিত।
কতটি পাওয়ার ব্যাংক সঙ্গে নেওয়া যাবে?
পাওয়ার ব্যাংকের সংখ্যা ও ধারণক্ষমতার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। অনেক বিমান সংস্থায় একজন যাত্রী সর্বোচ্চ দুটি পাওয়ার ব্যাংক বহন করতে পারেন, তবে অনুমোদিত সংখ্যা ও ধারণক্ষমতার সীমা সংস্থাভেদে আলাদা হতে পারে। কিছু সংস্থা ১০০ ওয়াট-আওয়ার পর্যন্ত ধারণক্ষমতার পাওয়ার ব্যাংক বহনের অনুমতি দেয়, আবার বেশি ধারণক্ষমতার ক্ষেত্রে আলাদা অনুমতি বা আরও কঠোর বিধিনিষেধ থাকতে পারে।
পাওয়ার ব্যাংকের গায়ে সাধারণত এর ধারণক্ষমতা লেখা থাকে। শুধু মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের হিসাব দেখে সিদ্ধান্ত না নিয়ে প্রয়োজনে নির্মাতার দেওয়া তথ্য থেকে ওয়াট-আওয়ারের পরিমাণ যাচাই করুন। ধারণক্ষমতা স্পষ্টভাবে উল্লেখ না থাকলে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।
বিমানবন্দরে যাওয়ার আগে যা মনে রাখবেন
পাওয়ার ব্যাংক নিরাপদে হাতব্যাগে রাখুন, এর গায়ে উল্লেখ করা ধারণক্ষমতা যাচাই করুন এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার সর্বশেষ নির্দেশনা দেখে নিন। উড়োজাহাজে ওঠার পর পাওয়ার ব্যাংক ব্যবহার বা চার্জ দেওয়ার বিষয়ে বিমানকর্মীদের নির্দেশনা অনুসরণ করুন। কোনও ব্যাটারি অস্বাভাবিক গরম হয়ে গেলে, ধোঁয়া বের হলে বা পোড়া গন্ধ পাওয়া গেলে নিজে সেটি খোলার বা নাড়াচাড়া করার চেষ্টা না করে সঙ্গে সঙ্গে বিমানকর্মীদের জানান।
ভ্রমণের সময় মুঠোফোন সচল রাখতে পাওয়ার ব্যাংক নিঃসন্দেহে উপকারী। তবে আকাশপথে নিরাপত্তার বিষয়টি সবার আগে। তাই যাত্রার আগে নিয়ম জেনে নেওয়া এবং উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারে সতর্ক থাকাই হতে পারে নির্বিঘ্ন ভ্রমণের গুরুত্বপূর্ণ প্রস্তুতি।
সূত্র: এনডিটিভি