মেঘনার বুকে অপরূপ এক ঠিকানা, নাম তার মায়াদ্বীপ

ব্যস্ত নগরজীবন থেকে একটু বিরতি নিয়ে নদীর হাওয়া, সবুজ প্রান্তর আর খোলা আকাশের নিচে সময় কাটাতে কার না ভালো লাগে! অথচ এমন নিরিবিলি পরিবেশের খোঁজে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ঢাকার কাছেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর বুকে রয়েছে মনোরম এক চর মায়াদ্বীপ। প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন এই দ্বীপে।

নদীর বুকে জেগে ওঠা ত্রিভুজাকৃতির এই চরটি সবুজ প্রান্তর আর খোলামেলা পরিবেশের জন্য পরিচিত। চারদিকে নদীর জল, বাতাসের মৃদু ছোঁয়া আর বিস্তীর্ণ আকাশ। শহরের কোলাহল থেকে দূরে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়। বিশেষ করে যারা নদী ও প্রকৃতি ভালোবাসেন, তাদের কাছে মায়াদ্বীপের পরিবেশ ভালো লাগবে।

কেন যাবেন মায়াদ্বীপে?

মায়াদ্বীপের মূল আকর্ষণ এর প্রাকৃতিক পরিবেশ। এখানে গেলে নদীর ঢেউ দেখা, খোলা প্রান্তরে হাঁটাহাঁটি করা কিংবা বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে সময় কাটানোর সুযোগ রয়েছে। শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে প্রকৃতির কাছাকাছি থাকতে জয়াগাটি হতে পারে আপনার জন্য আদর্শ।

ছবি তোলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য প্রকৃতিনির্ভর ছবি ও ভিডিও তৈরি করতেও জায়গাটি উপযুক্ত। তবে চরটি নদীর পানির স্তর, আবহাওয়া ও মৌসুমি পরিবর্তনের প্রভাবের মধ্যে থাকে। তাই ভ্রমণের আগে সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া ভালো।

কীভাবে যাবেন মায়াদ্বীপে?

রাজধানী ঢাকার গুলিস্তান থেকে সকাল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্দেশে কিছুক্ষণ পর পর বিভিন্ন কোম্পানির বাস ছেড়ে যায়। এসব বাসের ভাড়া ৬০-৮০ টাকা। মোগড়াপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারীচালিত অটোরিকশা কিংবা সিএনজিতে করে বৈদ্যের বাজার নৌকা ঘাটে আসতে হবে। বৈদ্যের বাজার ঘাট থেকে সারাদিনের জন্য নৌকা ভাড়া করতে হবে, যার ভাড়া পড়বে ১২০০-১৫০০ টাকা।

কোথায় খাবেন?

মায়াদ্বীপে যাওয়ার আগে বৈদ্যের বাজার এলাকায় খাবার ও পানীয়ের ব্যবস্থা করে নেওয়া সুবিধাজনক। ঘাটের আশপাশে সাধারণ মানের খাবারের দোকান পাবেন। চাইলে সঙ্গে শুকনো খাবার ও পর্যাপ্ত পানি নিয়ে যেতে পারেন।

চরে খাবার বা পানির দোকান সব সময় পাওয়া নাও যেতে পারে। তাই প্রয়োজনীয় খাবার, পানির বোতল এবং ব্যবহৃত আবর্জনা রাখার জন্য একটি ব্যাগ সঙ্গে রাখা ভালো।

কখন যাবেন?

মায়াদ্বীপ ভ্রমণে দিনের আলো থাকতে চর ঘুরে দেখার পরিকল্পনা করুন, যাতে সন্ধ্যার আগেই বৈদ্যের বাজার ঘাটে ফিরে আসা যায়। চরে সন্ধ্যার পর অবস্থান না করাই ভালো। দিনের আলোয় পৌঁছে প্রকৃতি উপভোগ করুন এবং ফেরার জন্য পর্যাপ্ত সময় হাতে রাখুন।

ঢাকার কাছেই এক দিনের ছোট্ট ভ্রমণে নদী, সবুজ আর খোলা আকাশের সান্নিধ্য পেতে নারায়ণগঞ্জের মায়াদ্বীপ শ্রেষ্ঠ একটি স্থান। সঠিক পরিকল্পনা ও নিরাপত্তার দিকে নজর রাখলে এই ছোট্ট ভ্রমণ হয়ে উঠতে পারে আনন্দময় স্মৃতি।