ভারতের জঙ্গলে বন্যপ্রাণী দেখার বিশেষ ট্যুর

ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্য ঘুরে দেখা, জঙ্গলে সাফারি করা কিংবা বাঘসহ নানা বন্য প্রাণীর ছবি তোলার পরিকল্পনা করছেন? পর্যটকদের জন্য এমনই এক ভ্রমণ পরিষেবা চালু করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন (আইআরসিটিসি)। মহারাষ্ট্র বন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে সংস্থাটি চালু করেছে পাঁচটি বন্যপ্রাণী ভ্রমণ প্যাকেজ। ‘বনদর্শন’ নামের এই পরিষেবায় ট্রেনের টিকিট, হোটেলে থাকা, স্থানীয় যাতায়াত এবং সাফারির ব্যবস্থা থাকছে।

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে এই ট্যুরগুলো। প্রতিটি প্যাকেজের মেয়াদ পাঁচ দিন ও চার রাত। যারা ভারতের জঙ্গল ও বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এই আয়োজন ভ্রমণের পরিকল্পনা অনেকটাই সহজ করে দিতে পারে।

‘বনদর্শন’ প্যাকেজে মহারাষ্ট্রের একাধিক বন্যপ্রাণী এলাকা ঘোরার সুযোগ রয়েছে। পর্যটকেরা তাডোবা ও বোর বন্যপ্রাণী অভয়ারণ্য, তাডোবা ও নাভেগাঁও-নাগঝিরা কিংবা তাডোবা ও টিপেশ্বর ভ্রমণের প্যাকেজ বেছে নিতে পারবেন। এ ছাড়া তাডোবা ও উমরেড-কারহান্ডলা বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোরার সুযোগও থাকছে। অন্য একটি প্যাকেজে রয়েছে পেঞ্চ ও উমরেড-কারহান্ডলা বন্যপ্রাণী অভয়ারণ্য ভ্রমণ।

ট্রেনে যাতায়াতের ব্যবস্থা

এই সফরে যাতায়াতের জন্য ব্যবহার করা হবে বিদর্ভ এক্সপ্রেস। ট্রেন নম্বর ১২১০৫ প্রতি বৃহস্পতিবার মুম্বাই থেকে ছাড়বে। ফিরতি যাত্রায় ট্রেন নম্বর ১২১০৬ প্রতি রবিবার গোন্দিয়া থেকে রওনা দেবে। কোন স্টেশন থেকে যাত্রা শুরু হবে এবং কোথা থেকে ফিরতে হবে, তা নির্ভর করবে নির্বাচিত প্যাকেজের ওপর।

প্যাকেজের সঙ্গে নিশ্চিত ট্রেনের টিকিট ও বন্যপ্রাণী সাফারির অনুমতিও দেওয়া হবে। তবে আসনসংখ্যা সীমিত। প্রতিটি ভ্রমণসূচিতে থ্রি-এসি কামরায় ছ’টি এবং টু-এসি কামরায় ছ’টি বার্থ বরাদ্দ রাখা হয়েছে।

ভ্রমণের পরিকল্পনা হবে সহজ

জঙ্গল ঘুরে দেখতে আগ্রহী পর্যটক, বন্যপ্রাণীর আলোকচিত্রী এবং প্রকৃতিপ্রেমীদের কথা মাথায় রেখেই এই প্যাকেজগুলি সাজানো হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে অভয়ারণ্য ভ্রমণের পরিকল্পনা করলেও পরিষেবাটি কাজে আসতে পারে। কারণ, আলাদা করে ট্রেনের টিকিট, হোটেল, স্থানীয় যাতায়াত ও সাফারির ব্যবস্থা করার প্রয়োজন হবে না।

বাংলাদেশ থেকে যারা এই ট্যুরে অংশ নেওয়ার কথা ভাবছেন, তাদের ভ্রমণের আগে প্যাকেজ বুকিংয়ের যোগ্যতা, ভারতীয় ভিসা, যাতায়াতের নিয়ম এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে আইআরসিটিসির কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়া উচিত। প্যাকেজের আসনসংখ্যা সীমিত হওয়ায় বুকিংয়ের নিয়ম ও প্রাপ্যতাও আগে যাচাই করে নেওয়া প্রয়োজন।