নিউ ইয়র্কের মেটকেও টেক্কা, বিশ্বের সেরা জাদুঘরের তালিকায় বিহারের মিউজিয়াম

বিশ্বের নামী জাদুঘরগুলির তালিকায় জায়গা করে নিলো ভারতের বিহার রাজ্যের পাটনা মিউজিয়াম। ভ্রমণবিষয়ক গাইড ‘ওয়ার্থ আ জার্নি’র প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০টি সেরা জাদুঘরের তালিকায় নবম স্থানে রয়েছে বিহার মিউজিয়াম। তালিকায় ভারতের একমাত্র জাদুঘর এটিই। শুধু তাই নয়, এশিয়ার কোনও জাদুঘর প্রথম দশে জায়গা পায়নি আর।

বিহার মিউজিয়াম (ছবি: সংগৃহীত)

এই তালিকার প্রথম পাঁচটি স্থানে রয়েছে মেক্সিকো সিটির ন্যাশনাল মিউজিয়াম অব অ্যানথ্রোপলজি, মাদ্রিদের প্রাদো মিউজিয়াম, ডেনমার্কের লুইজিয়ানা মিউজিয়াম অব মডার্ন আর্ট, সেন্ট পিটার্সবার্গের স্টেট হারমিটেজ মিউজিয়াম এবং ভিয়েনার কুনস্টহিস্টোরিশেস মিউজিয়াম। তালিকায় প্যারিসের ল্যুভর ও নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানকেও পেছনে ফেলেছে পাটনার এই জাদুঘর।

বিহার মিউজিয়ামে সংরক্ষিত মৌর্য যুগের দিদারগঞ্জ যক্ষী মূর্তি (ছবি: সংগৃহীত)

বিহার মিউজিয়াম ঘুরে দেখার গাইড

পাটনার বেইলি রোডে অবস্থিত বিহার মিউজিয়ামের উদ্বোধন হয় ২০১৫ সালে। পুরনো পটনা মিউজিয়ামে থাকা ঐতিহাসিক নিদর্শনগুলো আরও ভালোভাবে প্রদর্শনের উদ্দেশে তৈরি হয়েছিল এই নতুন জাদুঘর। এর নকশা তৈরি করেন জাপানের প্রখ্যাত স্থপতি ফুমিহিকো মাকি এবং মুম্বাইয়ের স্থাপত্য সংস্থা ‘ওপোলিস আর্কিটেক্টস’। প্রিটজকার পুরস্কারজয়ী মাকির নকশায় তৈরি ভবনটিও দর্শকদের আকর্ষণের অন্যতম কারণ।

পশুপাখি, লোকশিল্প, সংস্কৃতি ও বিজ্ঞান নিয়ে রয়েছে নানা প্রদর্শনী (ছবি: সংগৃহীত)

প্রাচীন ভারত থেকে ১৭৬৪ সাল পর্যন্ত ইতিহাসের নানা অধ্যায় উঠে এসেছে এখানকার সংগ্রহে। মৌর্য, সুর ও মুঘল যুগসহ বিভিন্ন ঐতিহাসিক পর্বের নিদর্শন সাজানো রয়েছে আলাদা গ্যালারিতে। ইতিহাসের পাশাপাশি শিল্পকলা, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের নানা দিকও ফুটে উঠেছে এই সংগ্রহে।

দৈনন্দিন জীবনের নানা দিকও ফুটে উঠেছে এই সংগ্রহে (ছবি: সংগৃহীত)

শিশুদের জন্য রয়েছে আলাদা গ্যালারি। সেখানে পশুপাখি, লোকশিল্প, সংস্কৃতি ও বিজ্ঞান নিয়ে নানা প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। অন্য দিকে, ‘ডায়াসপোরা গ্যালারি’-তে বিহারের ভৌগোলিক সীমানার বাইরেও এই অঞ্চলের মানুষের উপস্থিতি ও প্রভাব তুলে ধরা হয়েছে।

মৌর্য, সুর ও মুঘল যুগসহ বিভিন্ন ঐতিহাসিক পর্বের নিদর্শন সাজানো রয়েছে আলাদা গ্যালারিতে (ছবি: সংগৃহীত)

জাদুঘরের অন্যতম আকর্ষণ মৌর্য যুগের দিদারগঞ্জ যক্ষী মূর্তি। প্রাচীন ভারতীয় ভাস্কর্যের উল্লেখযোগ্য নিদর্শন এই মূর্তিটি ১৯১৭ সালে পটনার কাছে আবিষ্কৃত হয়। এ ছাড়া রয়েছে কুষাণ যুগের ‘বুদ্ধের জন্ম’ শিরোনামের ভাস্কর্যখচিত একটি আয়তাকার পাথরের ফলক। পাল যুগের কুরকিহার থেকে পাওয়া ব্রোঞ্জের বুদ্ধমূর্তি, অলংকরণসহ কোরানের পাণ্ডুলিপি এবং সুর বংশের আমলের মুদ্রাও দেখা যায় এখানে।

প্রিটজকার পুরস্কারজয়ী মাকির নকশায় তৈরি ভবনটিও দর্শকদের আকর্ষণের অন্যতম কারণ (ছবি: সংগৃহীত)

কখন যাবেন, টিকিটের দাম কত?

বিহার মিউজিয়ামের মূল গ্যালারিগুলি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরের ভিতরে থাকা রেস্তরাঁ রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। প্রতি সোমবার জাদুঘর বন্ধ থাকে।

ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য জনপ্রতি ১০০ টাকা। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে টিকিটের দাম ৫০০ টাকা। পাটনা ভ্রমণের পরিকল্পনা থাকলে ইতিহাস ও শিল্পকলার এই সংগ্রহশালা ঘুরে দেখার তালিকায় রাখতে পারেন।