বেঙ্গালুরুতে প্রথম ডাইনোসর পার্ক, ঘুরে দেখুন প্রাগৈতিহাসিক জগৎ!

প্রাগৈতিহাসিক যুগের বিশালাকার ডাইনোসরদের সামনাসামনি দেখার সুযোগ মিলছে ভারতের বেঙ্গালুরুতে। শহরের প্রথম ডাইনোসর পার্ক চালু হয়েছে জোলিউড স্টুডিয়োজে। বনভূমির আদলে তৈরি এই পার্কে রয়েছে আসল ডাইনোসরের আকারের রোবট ডাইনোসর। সেগুলি শুধু দেখতেই বিশাল নয়, গর্জন করার পাশাপাশি নড়াচড়াও করে।

বেঙ্গালুরুর প্রথম ডাইনোসর পার্ক (ছবি: সংগৃহীত)

সম্প্রতি সমাজমাধ্যমে পার্কটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, সাফারির মতো একটি গাড়িতে চড়ে পার্কের ভেতরে ঘুরছেন এক কনটেন্ট ক্রিয়েটর। প্রবেশপথে কাঠের বড় ফটকে লেখা ‘ডেঞ্জার র‌্যাপ্টরস’। ভেতরে ঢুকতেই চোখে পড়ছে একের পর এক বিশাল ডাইনোসর। কোথাও বাঁশঝাড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে টি-রেক্স, কোথাও আশ্রয়স্থলের নীচে ব্র্যাকিওসরাস। সফরের শেষ দিকে দেখা মিলছে আরও একটি টি-রেক্স এবং স্পাইনোসরাসের।

জুরাসিক যুগে পৌঁছে যাওয়ার অনুভূতি দেবে এই পার্ক (ছবি: সংগৃহীত)

ভিডিয়োটি ভাগ করে ওই ব্যক্তি লিখেছেন, বেঙ্গালুরুতে ডাইনোসরদের জীবন্ত হয়ে উঠতে দেখার অভিজ্ঞতা বেশ মজার। জুরাসিক যুগে পৌঁছে যাওয়ার অনুভূতি দিতে পারে পার্কের এই বিশালাকার ডাইনোসরগুলি।

জোলিউড স্টুডিয়োজের ওয়েবসাইট অনুযায়ী, এখানে ডাইনোসর দেখার পাশাপাশি রয়েছে নানা ধরনের বিনোদনমূলক কার্যকলাপ। পার্কের মিউজিয়ামে রয়েছে ইন্টার‌্যাকটিভ প্রদর্শনী, যেখানে ডাইনোসরদের বিবর্তন, তাদের জীবনযাপন এবং পৃথিবীর ওপর তাদের প্রভাব সম্পর্কে জানা যায়।

কোথাও বাঁশঝাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখবেন টি-রেক্স (ছবি: সংগৃহীত)

কী ভাবে যাবেন?

জোলিউড স্টুডিয়োজ রয়েছে কর্নাটকের রামনগর জেলায়, বিদাদি ইন্ডাস্ট্রিয়াল এলাকার কাছে বিরমঙ্গলা ক্রসের পাশে। বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়ের ধারে অবস্থিত এই পার্কটি বেঙ্গালুরুর কেন্দ্র থেকে প্রায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার দূরে। বাস, ক্যাব, অটো কিংবা মেট্রো ব্যবহার করে এই পথে যাতায়াত করা যায়।

বনভূমির আদলে তৈরি এই পার্কে রয়েছে রোবট ডাইনোসর (ছবি: সংগৃহীত)

কখন খোলা, টিকিটের দাম কত?

সমাজমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, ডাইনোসর পার্কটি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য ১২০০ টাকা। এই টিকিটের মধ্যেই পার্কের বিভিন্ন কার্যকলাপের সুযোগ রয়েছে। যাওয়ার আগে অবশ্যই কর্তৃপক্ষের ওয়েবসাইটে সময়সূচি ও টিকিটের দাম যাচাই করে নেওয়া ভালো।