ছোট্ট পাথরের জানালা দিয়ে ঘরে ঢুকছে সকালের রোদ। বাইরে ভেড়ার গলার ঘণ্টার শব্দ। ঘরের ভেতরে ভেসে আসছে সদ্য তৈরি রুটির গন্ধ, সঙ্গে আগের রাতের আগুনের হালকা ধোঁয়া। এমন পরিবেশে ঘুম ভাঙলে মনে হতে পারে, যেন ফিরে গিয়েছেন কয়েক শতাব্দী আগের কোনও গ্রামে। অথচ জায়গাটি আধুনিক আলবেনিয়া। দেশটির উত্তরাঞ্চলের প্রাচীন পাথরের বাড়িতে এখন পর্যটকদের থাকার সুযোগ তৈরি হচ্ছে।
আলবেনিয়ার ঐতিহ্যবাহী এই পাথরের বাড়িগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় ‘কুল্লা’। একসময় সংঘাতের সময়ে পরিবারের নিরাপত্তার জন্য তৈরি করা হতো এই বাড়িগুলো। বাণিজ্যপথে যাতায়াত করা ক্লান্ত পথিকেরাও এখানে আশ্রয় পেতেন। উত্তর আলবেনিয়া ছাড়াও মন্টেনেগ্রো ও উত্তর মেসিডোনিয়ার বিভিন্ন এলাকায় এমন বাড়ির দেখা মেলে। তবে বিশ শতকে অনেক কুল্লা অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশায় পরিণত হয়।
সেই পুরনো বাড়িগুলোকে নতুন করে সাজিয়ে পর্যটকদের থাকার উপযোগী করে তোলার উদ্যোগ নিয়েছে আলবেনিয়ান অ্যাগ্রিট্যুরিজম অ্যাসোসিয়েশন। তাদের পরিকল্পনায় তৈরি হয়েছে ‘টাওয়ার ট্রেইল’ নামে দীর্ঘ পদযাত্রার পথ। এর মাধ্যমে পর্যটকেরা আলবেনিয়ার এমন কিছু প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখতে পারবেন, যেখানে এখনও পর্যটকদের আনাগোনা তুলনামূলক কম।
৯ দিনে পেরোতে হবে ১০০ মাইলেরও বেশি পথ
উত্তর-পূর্ব আলবেনিয়ার মিরদিতা, মাত, বুলকিজা ও দিবরা অঞ্চলের মধ্য দিয়ে গিয়েছে এই ট্রেইল। প্রায় ১০০ মাইলেরও বেশি দীর্ঘ পথটি গাইডের সঙ্গে হেঁটে পেরোতে সময় লাগে ৯ দিন। পথে রয়েছে ছোট ছোট গ্রাম, উঁচু মালভূমি, বনভূমি, নদী উপত্যকা এবং পাথুরে পাহাড়ি এলাকা। কোনও কোনও দিনের হাঁটার পথ বেশ দীর্ঘ। চাইলে সেই পথ দু’দিনে ভাগ করে নেওয়া যায়, অথবা গাড়িতে কিছুটা পথ পেরিয়ে হাঁটার দূরত্ব কমানো যায়।
এই যাত্রার অন্যতম আকর্ষণ কুল্লাগুলিতে রাত কাটানো। পাশাপাশি স্থানীয় খামারবাড়ি ও অতিথিশালাতেও থাকার ব্যবস্থা রয়েছে। ফলে শুধু পাহাড়-জঙ্গল দেখা নয়, গ্রামীণ জীবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও মিলবে।
ইতিহাসের সাক্ষী পাথরের বাড়ি
কুল্লাগুলি সাধারণত আশপাশের পাহাড়ের চুনাপাথর ও কাঠ দিয়ে তৈরি। বাড়িগুলির স্থাপত্যে একটি নির্দিষ্ট ধরন থাকলেও প্রতিটি বাড়িতে রয়েছে নির্মাতা পরিবারের নিজস্ব রুচি ও ইতিহাসের ছাপ। দক্ষ কারিগরেরা এমনভাবে এগুলো তৈরি করতেন, যাতে প্রতিকূল আবহাওয়া এবং বাইরের আক্রমণ থেকেও পরিবার সুরক্ষিত থাকে।
পঞ্চদশ শতকে অটোমান আক্রমণ এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাতের সময় এই বাড়িগুলির গুরুত্ব ছিল বিশেষ। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে আরও অনেক কুল্লা তৈরি হয়। কিন্তু ১৯৪৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত আলবেনিয়ায় কমিউনিস্ট শাসন চলাকালে বহু পরিবারের কাছ থেকে এই বাড়ি কেড়ে নেওয়া হয়েছিল। পরে সেগুলি ফেরত পেলেও অনেকেই দেখেন, বাড়িগুলি তখন জরাজীর্ণ। নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার প্রবণতা বাড়ায় বহু কুল্লা পরিত্যক্ত হয়ে পড়ে।
অতিথি আপ্যায়নের পুরনো ঐতিহ্য
এই ট্রেইলে হাঁটতে হাঁটতে স্থানীয় মানুষের আতিথেয়তার অভিজ্ঞতা হবে পর্যটকদের। পথের ধারে কোনও বাড়িতে কফির নিমন্ত্রণ, আবার কোথাও সদ্য তোলা আঙুর, বরই ও আখরোট দিয়ে আপ্যায়ন—এমন ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় মানুষের কাছে অতিথিকে আপ্যায়ন করা দীর্ঘদিনের ঐতিহ্য। অনেক পরিবারের কাছে অতিথির সামনে খাবার ও পানীয় তুলে ধরাই সম্মানের বিষয়।
দিবরা অঞ্চলের ডেরজান গ্রামের ৯১ বছর বয়সি হাজরিয়া কেরিমির স্মৃতিতেও রয়েছে সেই ঐতিহ্যের কথা। ছোটবেলায় তাদের বাড়িতে নিয়মিত পথিকদের আশ্রয় ও খাবার দেওয়া হতো। তার বাবার শিক্ষা ছিল, বাড়িতে আসা কোনও অতিথি যেন খালি হাতে বা অভুক্ত অবস্থায় ফিরে না যান।
পুরনো বাড়িতে নতুন জীবন
ট্রেইলের চতুর্থ দিনে দুসাজ গ্রামের পাহাড়ি এলাকায় রয়েছে কুল্লা হুপি। ২০২১ সালে এই বাড়িটি অতিথিশালা হিসেবে চালু করেন লুলি হুপি। কাছের একটি খনিতে বহু বছর কাজ করে সঞ্চিত অর্থ দিয়ে ধীরে ধীরে পরিবারের পুরনো বাড়িটি সংস্কার করেন তিনি।
শুধু অতিথিশালা চালানোই তার উদ্দেশ্য নয়। আশপাশের ১০টিরও বেশি পরিবারের কাছ থেকে মাংস, পনির, মধু, রুটি ও অন্যান্য খাবার সংগ্রহ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের কেউ পর্যটকদের গাইড করেন, কেউ ঘোড়ায় চড়ার ব্যবস্থা করেন, আবার কেউ রান্নার ক্লাসের আয়োজন করেন। এর ফলে পর্যটনের আয় ছড়িয়ে পড়ছে স্থানীয় পরিবারগুলোর মধ্যেও।
বড় ব্যবসা বা বিপুল সংখ্যক পর্যটক টানার বদলে অল্পসংখ্যক অতিথিকে ব্যক্তিগত আতিথেয়তা দেওয়াতেই আগ্রহী লুলি। তার মতে, এই ব্যবসা থেকে বিপুল অর্থ না এলেও স্থানীয় ঐতিহ্য ও জীবনযাত্রাকে বাঁচিয়ে রাখার আনন্দ রয়েছে।
পর্যটনের হাত ধরে বাঁচছে গ্রাম
আলবেনিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে পর্যটন দ্রুত বেড়েছে। তবে পর্যটকদের বড় অংশের গন্তব্য সমুদ্রতীরবর্তী অঞ্চল ও উত্তরাঞ্চলের আল্পস পর্বতমালা। দেশের ভিতরের প্রত্যন্ত গ্রামগুলিতে সেই পর্যটনের সুফল তেমন পৌঁছয়নি। ফলে বহু গ্রামেই জনসংখ্যা কমেছে, হারিয়ে যাওয়ার পথে পুরনো জীবনযাত্রা ও ঐতিহ্য।
এই পরিস্থিতিতে কুল্লা সংস্কার করে অতিথিশালা তৈরি এবং টাওয়ার ট্রেইলের মতো উদ্যোগ স্থানীয় মানুষের সামনে বিকল্প আয়ের সুযোগ তৈরি করছে। পর্যটকেরা যেমন আলবেনিয়ার ইতিহাস ও সংস্কৃতিকে কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন, তেমনই গ্রামের মানুষও নিজেদের ঐতিহ্য ধরে রাখার প্রেরণা পাচ্ছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুল্লায় দু’জনের থাকার জন্য এক রাতের ভাড়া শুরু প্রায় ৩৫ পাউন্ড থেকে। অর্থাৎ আলবেনিয়ার এই ভ্রমণে আধুনিক হোটেলের বদলে কয়েক শতাব্দী পুরনো পাথরের বাড়িতে থাকার অভিজ্ঞতাও মিলতে পারে।