বিদেশে যাওয়ার পথে কোনও বিমানবন্দরে দীর্ঘ সময়ের বিরতি। পরের ফ্লাইট ধরতে হাতে ১০-১৪ ঘণ্টা। ভাবছেন, এই সুযোগে বিমানবন্দরের বাইরে বেরিয়ে নতুন দেশ বা শহরটা একটু ঘুরে দেখবেন? কিন্তু চাইলেই কি তা সম্ভব? হাতে বৈধ পাসপোর্ট এবং পরবর্তী ফ্লাইটের টিকিট থাকলেও অনেক সময় বিমানবন্দরের বাইরে পা রাখার অনুমতি মেলে না। এমনকি নিয়ম না জেনে বেরোনোর চেষ্টা করলে আইনি জটিলতাতেও পড়তে পারেন। আন্তর্জাতিক সফরে যাওয়ার আগে তাই জেনে রাখা জরুরি ভিসা ও ইমিগ্রেশনের নিয়মকানুন।
সম্প্রতি ‘ব্রুক’ নামে এক ভ্রমণ বিষয়ক কনটেন্ট ক্রিয়েটরের এমনই অভিজ্ঞতা হয়েছে। লন্ডন থেকে হংকং যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে তার প্রায় ১৪ ঘণ্টার বিরতি ছিল। সেই সময়টুকু কাজে লাগিয়ে দিল্লি শহর ঘুরে দেখার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু ভারতীয় ভিসা না থাকায় বিমানবন্দরের বাইরে বেরোনোর অনুমতি পাননি। অর্থাৎ, দীর্ঘ সময় হাতে থাকলেও শুধু পাসপোর্ট ও পরবর্তী উড়ানের টিকিট থাকলেই অন্য দেশে প্রবেশ করা যায় না।
লেওভারে শহর ঘুরতে গেলে কি ভিসা প্রয়োজন?
আন্তর্জাতিক বিমানযাত্রায় এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পথে মাঝের কোনও বিমানবন্দরে কিছু সময়ের বিরতিকে বলা হয় লেওভার। এই বিরতির সময় বিমানবন্দরের ভিতরে অপেক্ষা করবেন, নাকি বাইরে বেরিয়ে শহর ঘুরবেন, তা নির্ভর করে সংশ্লিষ্ট দেশের অভিবাসন নীতির উপর।
ভিসার নিয়ম এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম। যাত্রীর নাগরিকত্ব, গন্তব্য দেশ, যে দেশের বিমানবন্দরে বিরতি রয়েছে, তার নিয়ম এবং যাত্রীর কাছে অন্য কোনও দেশের বৈধ ভিসা বা বসবাসের অনুমতিপত্র রয়েছে কি না সব কিছুর ওপর নির্ভর করে প্রবেশের অনুমতি।
সাধারণত ট্রানজিট ভিসা কোনও দেশের বিমানবন্দর হয়ে অন্য দেশে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু সেই ভিসা থাকলেই বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট এলাকা ছেড়ে শহরে ঘোরার অনুমতি পাওয়া যায় না। ব্রিটেন, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে যাত্রীর পাসপোর্ট ও নাগরিকত্ব অনুযায়ী ট্রানজিট এবং প্রবেশের নিয়ম আলাদা হতে পারে। তাই লেওভারের সময় শহর ঘোরার পরিকল্পনা থাকলে আগেভাগেই উপযুক্ত ভিসার ব্যবস্থা করা জরুরি।
এয়ারসাইড ও ল্যান্ডসাইড ট্রানজিটের পার্থক্য কী?
আন্তর্জাতিক বিমানযাত্রায় এয়ারসাইড এবং ল্যান্ডসাইড ট্রানজিটের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এয়ারসাইড ট্রানজিট বলতে বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট এলাকার ভেতরে অবস্থান করাকে বোঝায়। এই ক্ষেত্রে যাত্রী সাধারণত ইমিগ্রেশন বা অভিবাসন বিভাগের প্রবেশ প্রক্রিয়া পার না করেই পরবর্তী উড়ানের জন্য অপেক্ষা করেন। কিছু দেশে নির্দিষ্ট নাগরিকত্বের যাত্রীদের এ ক্ষেত্রে ভিসার প্রয়োজন হয় না। তবে কয়েকটি দেশে বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট এলাকায় থাকলেও আলাদা এয়ারপোর্ট ট্রানজিট ভিসা প্রয়োজন হতে পারে।
অন্য দিকে, ল্যান্ডসাইড ট্রানজিটের অর্থ হল বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট এলাকা ছেড়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করা। শহর ঘুরতে যাওয়া, বিমানবন্দরের বাইরে বেরোনো কিংবা কোনও কোনও ক্ষেত্রে নিজের চেক-ইন করা ব্যাগ সংগ্রহ করার জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া পার হতে হয়। সংশ্লিষ্ট দেশের প্রবেশের শর্ত পূরণ করলেই কেবল ছাড়পত্র পাওয়া যায়। তাই বিমানবন্দরের ভিতরে অপেক্ষা করার অনুমতি রয়েছে মানেই যে বাইরে বেরোনোর অনুমতিও রয়েছে, এমন নয়।
দীর্ঘ লেওভারের ফ্লাইট বুক করার আগে কী জানবেন?
দীর্ঘ বিরতির বিমান বুক করার আগে শুধু টিকিটের দাম বা যাত্রার সময় দেখে সিদ্ধান্ত নিলে চলবে না। প্রথমেই দেখে নিতে হবে, যে দেশে বিরতি রয়েছে সেখানে আপনার পাসপোর্ট অনুযায়ী ট্রানজিট ভিসা বা প্রবেশের ভিসা প্রয়োজন কি না। কিছু দেশ নির্দিষ্ট শর্তে স্বল্প সময়ের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ দেয়। তবে সেই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
এ ছাড়া, একক টিকিটে যাত্রা করছেন, নাকি আলাদা আলাদা টিকিট কেটেছেন, সেটিও গুরুত্বপূর্ণ। একই বুকিংয়ে পুরো সফর থাকলে অনেক সময় চেক-ইন করা ব্যাগ সরাসরি গন্তব্যে পৌঁছে যায়। কিন্তু আলাদা টিকিটে যাত্রা করলে মাঝের বিমানবন্দরে ব্যাগ সংগ্রহ করে আবার চেক-ইন করতে হতে পারে। সে ক্ষেত্রে ইমিগ্রেশন পার হওয়ার প্রয়োজন হতে পারে এবং উপযুক্ত ভিসা না থাকলে সমস্যায় পড়তে পারেন।
টার্মিনাল পরিবর্তনের বিষয়টিও আগে থেকে জেনে নেওয়া দরকার। একই বিমানবন্দরের এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে হলেও কোনও কোনও ক্ষেত্রে অভিবাসন প্রক্রিয়া পার হতে হয়। তাই সংশ্লিষ্ট বিমানবন্দরের নিয়ম এবং বিমান সংস্থার নির্দেশিকা আগে থেকেই দেখে নিন।
যাত্রা শুরুর আগে বিমান সংস্থার কাছেও প্রয়োজনীয় নথিপত্রের বিষয়টি যাচাই করে নেওয়া ভালো। কারণ ভিসা বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকলে বিমানেই উঠতে দেওয়া নাও হতে পারে। পাসপোর্ট, পরবর্তী ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং এবং প্রয়োজনে ভ্রমণের খরচ বহনের সামর্থ্যের প্রমাণপত্র হাতের কাছে রাখুন।
আন্তর্জাতিক সফরে দীর্ঘ লেওভার মানেই নতুন শহর দেখার সুযোগ, এমনটা ভাবা ঠিক নয়। আগে থেকেই ভিসা, বিমানবন্দরের নিয়ম এবং ব্যাগেজ সংক্রান্ত তথ্য যাচাই করে নিলে শেষ মুহূর্তের ভোগান্তি এড়ানো সম্ভব। মনে রাখবেন, অন্য দেশে প্রবেশের অনুমতি নির্ধারণ করে সেই দেশের অভিবাসন আইন, আপনার হাতে থাকা অবসর সময় নয়।