গোলাপি স্বপ্নের ঠিকানা, পর্যটকদের জন্য আসছে বার্বি হোটেল

ছোটবেলার প্রিয় বার্বি পুতুলের জগতে যদি কয়েক দিন কাটানোর সুযোগ মেলে, কেমন হবে? এবার সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য। অঙ্গরাজ্যটির গ্লেনডেলে নির্মিতব্য ম্যাটেল সিটি থিম পার্কের অংশ হিসেবে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম বার্বি হোটেল। এখানে অতিথিরা শুধু হোটেলে অবস্থানই করবেন না, বরং উপভোগ করতে পারবেন বার্বির পরিচিত রঙিন ও কল্পনাময় জগতের নানা আয়োজন।

প্রকল্পটির পরিসরও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। শুরুতে ৯ একর জমিতে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তা সম্প্রসারণ করে ১৪ একর করা হয়েছে। পুরো এলাকায় থাকবে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের আদলে তৈরি ৩৫টি অভিজ্ঞতা ও বিনোদন আয়োজন। নির্মাতাদের লক্ষ্য, ম্যাটেল সিটিকে কেবল এক দিনের বিনোদনকেন্দ্র হিসেবে নয়, বরং পরিবার নিয়ে কয়েক দিন ছুটি কাটানোর উপযোগী পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা।

বার্বি হোটেলের পাশাপাশি নির্মাণের পরিকল্পনা রয়েছে ম্যাটেলের অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডভিত্তিক আরেকটি হোটেল টাওয়ার। সেখানে অতিথিদের জন্য থাকবে বিশেষ থিমের স্যুট এবং ইনডোর বিনোদনের ব্যবস্থা। নতুন এই দুটি হোটেলে যুক্ত হবে ৮০০টিরও বেশি অতিথিকক্ষ। ফলে ভিএআই রিসোর্টের মোট কক্ষসংখ্যা বেড়ে দাঁড়াবে ২ হাজারের বেশি।

তবে অ্যারিজোনার প্রচণ্ড গরমের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে প্রকল্পের নকশায়। দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের জন্য ম্যাটেল সিটিতে থাকবে কয়েক একরজুড়ে শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোর বিনোদন এলাকা। পাশাপাশি খোলা জায়গায় নির্মাণ করা হবে রোলার কোস্টারসহ বিভিন্ন রাইড ও আকর্ষণ। এতে গ্রীষ্মের তীব্র গরমেও দর্শনার্থীরা ইনডোর বিনোদনের সুযোগ পাবেন। বছরজুড়েই পর্যটকদের স্বাগত জানানোর লক্ষ্য নিয়ে সাজানো হচ্ছে পুরো আয়োজন।

সব মিলিয়ে বার্বির গোলাপি জগৎ, নানা থিমভিত্তিক বিনোদন, বিশেষ হোটেল ও পারিবারিক অবকাশযাপনের সুযোগ সবকিছু মিলিয়ে ম্যাটেল সিটি হতে যাচ্ছে ভিন্নধর্মী এক পর্যটন গন্তব্য। বিশেষ করে বার্বিভক্ত ও পরিবার নিয়ে নতুন অভিজ্ঞতার সন্ধানে থাকা ভ্রমণপিপাসুদের কাছে জায়গাটি বাড়তি আকর্ষণ তৈরি করতে পারে।