প্রকৃতির অপার সৌন্দর্য আর বিস্তীর্ণ জলরাশির মায়ায় ঘেরা টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া। স্থানীয়ভাবে চাপড়া বিল নামে পরিচিত এই স্থানটি স্বচ্ছ পানি, খোলা আকাশ আর চারপাশের সবুজের সমারোহে মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের। দিগন্তজোড়া জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানো, মুক্ত বাতাসে সময় কাটানো কিংবা প্রকৃতির নীরব সৌন্দর্য উপভোগ করার জন্য এটি ভ্রমণের জন্য এক আকর্ষনীয় স্থান হয়ে উঠেছে। বিলের মাঝখানে দাঁড়িয়ে থাকা রহস্যময় হিজলগাছও জায়গাটির আকর্ষণে যোগ করেছে ভিন্ন মাত্রা।
টাঙ্গাইল শহর থেকে বাসাইলের পথে এগোলে বাসাইল বাজার পেরিয়ে নলুয়া সড়ক ধরে প্রায় তিন কিলোমিটার গেলেই দেখা মিলবে বাসুলিয়ার। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায়, বর্ষায় বিস্তৃত জলরাশি চোখে পড়ে। পানির ওপর আকাশের প্রতিবিম্ব আর চারপাশের সবুজ প্রকৃতি তৈরি করে অপূর্ব দৃশ্য। বিশেষ করে বৃষ্টিভেজা দিনে কিংবা বিকেলের নরম আলোয় বিলের সৌন্দর্য হয়ে ওঠে আরও আকর্ষণীয়।
বর্ষার মৌসুমে প্রতিদিনই এখানে ভিড় করেন বিভিন্ন বয়সী পর্যটক। কেউ আসেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে দল বেঁধে। ঘাটে সারি করে বাঁধা থাকে নানা রঙে সাজানো ছোট-বড় নৌকা। কোনও নৌকায় পাঁচ থেকে সাতজন অনায়াসে ঘুরে বেড়াতে পারেন, আবার বড় নৌকায় থাকে স্যালো ইঞ্জিনের ব্যবস্থা। নৌকায় চড়ে বিলের বিস্তীর্ণ জলরাশির মধ্যে ঘুরে বেড়ানোই এখানকার প্রধান আকর্ষণ।
কেউ নিরিবিলি প্রকৃতি উপভোগ করতে চান, কেউ আবার বন্ধুদের সঙ্গে গান-বাজনা ও আনন্দে সময় কাটান। নৌকায় মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে ঘোরার দৃশ্যও চোখে পড়ে। চারপাশের খোলা পরিবেশ, মুক্ত বাতাস আর পানির ওপর নৌকার দুলুনি শহরের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য দূরে নিয়ে যায় পর্যটকদের।
বিলের বুকে এক রহস্যময় হিজলগাছ
বাসুলিয়ার সৌন্দর্যের মধ্যে আলাদা করে নজর কাড়ে বিলের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বিশাল হিজলগাছ। বিলের একাংশে পানির মধ্যে একাকী দাঁড়িয়ে থাকা গাছটি পর্যটকদের কাছে বেশ পরিচিত। গাছটিকে ঘিরে স্থানীয়দের মুখে প্রচলিত রয়েছে নানা গল্প ও কিংবদন্তি।
লোককথা অনুযায়ী, গাছটির উৎপত্তি এই এলাকায় নয়। কথিত আছে, প্রাচীনকালে আসাম অঞ্চল থেকে গাছটি এখানে এসেছিল। আরও প্রচলিত একটি কাহিনি হলো, একসময় জমির মালিক গাছটি কাটতে গেলে কাটা অংশ থেকে রক্ত ঝরতে দেখা যায়। এরপর গাছ কাটতে যাওয়া ব্যক্তিদের অস্বাভাবিক মৃত্যুর গল্পও ছড়িয়ে পড়ে। এসব কাহিনির সত্যতা যাচাই করা না গেলেও রহস্যময় গল্পগুলো গাছটিকে ঘিরে পর্যটকদের কৌতূহল বাড়িয়েছে।
নৌভ্রমণে কত খরচ?
বাসুলিয়া ঘাটে বিভিন্ন আকৃতির নৌকা পাওয়া যায়। ছোট নৌকায় সাধারণত পাঁচ থেকে সাতজন পর্যন্ত ভ্রমণ করতে পারেন। স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী, ছোট নৌকার ভাড়া ঘণ্টাপ্রতি প্রায় ২০০ টাকা। বড় নৌকার ভাড়া নৌকার আকার, সময় ও যাত্রীসংখ্যার ওপর নির্ভর করে। দলবেঁধে গেলে খরচ ভাগ করে নেওয়া যায়। তবে নৌকায় ওঠার আগে মাঝির সঙ্গে ভাড়া ও ঘোরার সময় ঠিক করে নেওয়া ভালো।
কীভাবে যাবেন বাসুলিয়া?
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইলগামী বাসে চড়ে পৌঁছে যেতে পারেন টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে। সেখান থেকে অটোরিকশা বা অন্য স্থানীয় যানবাহনে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় যেতে হবে। এরপর বাসাইলগামী সিএনজিতে চড়ে বাসাইল বাজারে পৌঁছানো যায়। বাসাইল বাজার থেকে স্থানীয় ভ্যান বা অটোরিকশায় বাসুলিয়া বিলের ঘাটে যাওয়া সম্ভব।
পুরো পথের যানবাহন ভাড়া সময় ও পরিবহনভেদে পরিবর্তিত হতে পারে। তাই যাত্রার আগে ভাড়া জেনে নেওয়া ভালো। চাইলে সকালে ঢাকা থেকে রওনা দিয়ে দিনেই ঘুরে ফিরে আসা সম্ভব।
কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানোর জন্য বাসুলিয়া চমৎকার একটি জায়গা। নীল আকাশের প্রতিবিম্ব, দিগন্তজোড়া জলরাশি আর নৌকার দুলুনিতে কাটানো কয়েকটি ঘণ্টা ভ্রমণের স্মৃতিতে যোগ করবে অন্যরকম আনন্দ।