ভারতের রাজধানী দিল্লির চারিদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, প্রাচীন দুর্গ, জাদুঘর আর শিল্পকলার নানা নিদর্শন। প্রতিবছর এসব দেখতে দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ভিড় করেন শহরটিতে। তবে এবার দিল্লি ভ্রমণে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আকর্ষণ। শহরের পরিচিত ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো ঘিরে আয়োজন করা হচ্ছে ‘ইন্ডিয়া বিয়েনালে ২০২৬’। সমসাময়িক শিল্প, স্থাপত্য ও নকশার এই বৃহৎ আয়োজন ছড়িয়ে পড়বে দিল্লির ২৩টি স্থানে। ফলে একদিকে যেমন দেখা যাবে শিল্পীদের সৃজনশীল কাজ, অন্যদিকে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও মিলবে।
সাধারণত প্রতি দুই বছর অন্তর আয়োজিত হয় বিয়েনালে। এতে বিভিন্ন দেশের শিল্পী ও সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের শিল্পকর্ম, প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অংশ নেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইন্ডিয়া বিয়েনালে ২০২৬ চলবে টানা ১০৮ দিন। ২০২৬ সালের ৪ ডিসেম্বর শুরু হয়ে এই আয়োজন শেষ হবে ২০২৭ সালের ২১ মার্চ। এর প্রধান ভেন্যু হিসেবে থাকছে দিল্লির ঐতিহাসিক পুরানা কিলা।
শিল্প-সংস্কৃতির মিলনে ইন্ডিয়া বিয়েনালে
ইন্ডিয়া বিয়েনালে ২০২৬ কোনও একটি প্রদর্শনীকেন্দ্র বা আর্ট গ্যালারিতে সীমাবদ্ধ থাকবে না। দিল্লির ঐতিহাসিক স্থাপনা, জাদুঘর, উদ্যান, আর্ট গ্যালারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে এই আয়োজনের অংশ করা হয়েছে। দর্শনার্থীরা বিভিন্ন স্থানে সমসাময়িক শিল্পকর্মের প্রদর্শনী, ইনস্টলেশন, সংগীত পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারবেন। পাশাপাশি থাকছে আলোচনা সভা, কর্মশালা, শিল্পীদের সঙ্গে মতবিনিময় এবং ঐতিহ্যবাহী স্থাপনা ঘিরে বিশেষ ভ্রমণের আয়োজন।
নতুন প্রজন্মের শিল্পী ও নকশাবিদদের কাজ তুলে ধরতেও থাকছে বিশেষ উদ্যোগ। এ জন্য আয়োজন করা হয়েছে ‘স্টুডেন্ট বিয়েনালে’। এর মাধ্যমে শিল্প ও নকশার শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ পাবেন।
এবারের আয়োজনের মূল ভাবনা কী?
ইন্ডিয়া বিয়েনালে ২০২৬-এর মূল ভাবনা ‘তৎ ত্বম অসি’। প্রাচীন ভারতীয় দর্শনের এই বাক্যাংশের অর্থ ‘তুমিই সেই’। এর মূল বক্তব্য হলো, ব্যক্তিমানুষের সঙ্গে তার চারপাশের জগতের গভীর সংযোগ রয়েছে। এই ধারণাকে কেন্দ্র করেই শিল্প, স্থাপত্য ও নকশার নানা কাজ তুলে ধরা হবে।
প্রকৃতি, সংস্কৃতি, স্মৃতি, সমাজ ও মানুষের পারস্পরিক সম্পর্ক কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, তা বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে এই আয়োজনে। ফলে দর্শকেরা কেবল শিল্পকর্ম দেখার সুযোগই পাবেন না, এসব কাজের ভাবনা ও দর্শন নিয়েও জানার সুযোগ পাবেন।
দিল্লির ২৩টি স্থানে ছড়িয়ে পড়বে আয়োজন
বিয়েনালের প্রধান ভেন্যু পুরানা কিলা হলেও প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দিল্লির বিভিন্ন প্রান্তে। আয়োজকদের অফিসিয়াল ওয়েবসাইটে ২৩টি অংশগ্রহণকারী স্থানের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লির বেশ কয়েকটি পরিচিত ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
তালিকায় রয়েছে লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ুনের সমাধি, সফদরজংয়ের সমাধি, লোধি গার্ডেন, মেহরৌলি, হাউজ খাস ও আগ্রাসেন কি বাওলি। পাশাপাশি থাকছে জাতীয় জাদুঘর, ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস, ললিত কলা অ্যাকাডেমি, যন্তর মন্তর এবং ন্যাশনাল স্কুল অব ড্রামা।
এছাড়া কিলা রাই পিথোরা, সাবজ বুর্জ, সংগীত নাটক অ্যাকাডেমি, ফিরোজ শাহ কোটলা, ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টার, সকরি গুমতি, ছোটী গুমতি ও বারাহ খাম্বাও থাকছে এই আয়োজনের অংশ হিসেবে। অর্থাৎ দিল্লির ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন জায়গায় শিল্প ও সংস্কৃতির নানা আয়োজন উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
এক পাসেই একাধিক স্থাপনা ও প্রদর্শনী দেখার সুযোগ
বিয়েনালের অন্যতম সুবিধা হলো, একটি পাসের মাধ্যমেই অংশগ্রহণকারী স্মৃতিসৌধগুলোতে প্রবেশ এবং বিভিন্ন ভেন্যুতে আয়োজিত প্রদর্শনী, ইনস্টলেশন ও উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ পাওয়া যাবে। এসব অংশগ্রহণকারী স্থাপনায় প্রবেশের জন্য আলাদা করে স্মৃতিসৌধের টিকিট কিনতে হবে না।
আয়োজকদের ওয়েবসাইটে বিভিন্ন ভেন্যু মিলিয়ে ৬২টি প্রদর্শনীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি থাকছে সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা ও আলোচনা সভা। কিছু প্রদর্শনী পুরো ১০৮ দিন চলবে। আবার কিছু আয়োজন নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হবে। তাই বিশেষ কোনও প্রদর্শনী বা পরিবেশনা দেখতে চাইলে ভ্রমণের আগে বিয়েনালের অফিসিয়াল ক্যালেন্ডার দেখে নেওয়া ভালো।
কত খরচে দেখা যাবে ইন্ডিয়া বিয়েনালে?
দর্শনার্থীদের সুবিধার জন্য পাঁচ ধরনের পাসের ব্যবস্থা রাখা হয়েছে। এক দিনের পাসের দাম ১০০ ভারতীয় রুপি। তিন দিনের পাস কিনতে খরচ হবে ২০০ রুপি। সাত দিনের জন্য উইক পাসের মূল্য ৪০০ রুপি। পুরো আয়োজনের সময়জুড়ে প্রদর্শনী ঘুরে দেখতে চাইলে নেওয়া যাবে সিজন পাস, যার দাম ৩ হাজার রুপি।
এ ছাড়া রয়েছে প্রিমিয়াম পাস। এর মূল্য ১০ হাজার রুপি। এই পাসের সঙ্গে থাকছে গাড়ি পার্কিং, গাইডের সঙ্গে বিভিন্ন ভেন্যু ঘুরে দেখার সুযোগ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তার মতো বাড়তি সুবিধা। প্রতিটি পাস একজন দর্শনার্থীর জন্য নির্ধারিত এবং এতে থাকবে আলাদা কিউআর কোড। পাসের বিস্তারিত তথ্য জানা ও বুকিংয়ের জন্য ইন্ডিয়া বিয়েনালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
কীভাবে পরিকল্পনা করবেন ভ্রমণ?
দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বিয়েনালের ২৩টি ভেন্যু। তাই এক দিনেই সব জায়গা ঘুরে দেখার পরিকল্পনা না করাই ভালো। বরং কাছাকাছি অবস্থিত ভেন্যুগুলো একসঙ্গে রেখে ভ্রমণ পরিকল্পনা করলে সময় ও যাতায়াতের ঝামেলা কমবে। যেমন, লালকেল্লা ও পুরানা কিলা ঘুরে দেখার পরিকল্পনা আলাদা দিনে বা সুবিধামতো অন্য কাছাকাছি দর্শনীয় স্থানের সঙ্গে মিলিয়ে নেওয়া যেতে পারে।
দর্শনার্থীদের সুবিধার জন্য আয়োজকদের ওয়েবসাইটে ভেন্যুগুলোর মানচিত্র এবং ইন্ডিয়া বিয়েনালের একটি অ্যাপ রাখা হয়েছে। এগুলোর সাহায্যে প্রদর্শনীস্থল খুঁজে পাওয়া এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পরিকল্পনা করা সহজ হবে। অনলাইনে প্রদর্শনীর তালিকা ও অনুষ্ঠানসূচিও পাওয়া যাবে। কোনও বিশেষ পরিবেশনা বা প্রদর্শনী দেখতে চাইলে তার নির্দিষ্ট তারিখ ও সময় আগেই যাচাই করে নেওয়া জরুরি।
দিল্লি ভ্রমণের অভিজ্ঞতাকে এবার আরও বৈচিত্র্যময় করে তুলতে পারে ইন্ডিয়া বিয়েনালে ২০২৬। একদিকে লালকেল্লা, কুতুব মিনার কিংবা হুমায়ুনের সমাধির মতো ঐতিহাসিক স্থাপনা, অন্যদিকে সমসাময়িক শিল্প ও সংস্কৃতির নানা আয়োজনে ১০৮ দিনের এই উৎসব হয়ে উঠতে পারে শিল্পপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ আকর্ষণ।