সন্তান বঙ্গের ঘোরাঘুরি রঙ্গের (পর্ব-২)

ঘরের বাইরে পা

অবশেষে যাত্রার দিনক্ষণ ঠিক। গন্তব্য ঢাকা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাষ্ট্র। বাক্সপেটরা বাঁধাছাঁদা অর্থাৎ গোছগাছ শেষ। এখন বেলা দ্বিপ্রহর। দুয়ারে নয় গ্যারেজে প্রস্তুত গাড়ি। ঘরে ‘যেতে নাহি দিব’ বলার মতো কেউ নেই। দুটি চোখের উদগত অশ্রু দমিয়ে ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে ‘এটা খেয়ো, ওটা খেয়ো’, ‘ঠান্ডা লাগিয়ো না’ ইত্যাদি বলার কাল এখন অতীত। অবশ্য আমার ঘরে তেমন কেউ নেই। যিনি আছেন আমি তার এ যাত্রার সঙ্গিনী। ‘এটা খেয়ো, ওটা খেয়ো’ বলার মতো মায়াবতী মানুষ তিনি নন।  তিনি যা বলেন সেটা মহাভারতের মহাবীর অর্জুনের তীরের মতো নিপুণ লক্ষ্যভেদী। এতে আমার হৃদয় নিত্য এফোঁড়ওফোঁড় হয়। তার মুখনিঃসৃত ভাষা? সেটা আপনাদের মতো ভদ্রলোকের সামনে প্রকাশ করলে আমার অবিশিষ্ট মানসম্ভ্রমের সবটুকু হাওয়ায় হারাবে।

জীবনসঙ্গিনীর কথা যখন উঠলো, তার সম্পর্কে দু’-একটা কথা বলা দরকার। এটা নৈতিক দায়িত্ব। বিয়ের গাঁটছড়া বাঁধার বছর কয়েক আগে থেকে তাকে জানি। তখন ভালোটালো লাগতো। সেসময় আমার তারুণ্য কানায় কানায় পূর্ণ। রক্তে পুরুষ হরমোন টেসটোস্টেরনের তুমুল উথালপাথাল ঢেউ। পৃথিবীর প্রতিটি তরুণীকে প্রাচীন মিসরের রাণী ক্লিওপেট্রা, ট্রয়ের হেলেন, রবীন্দ্রনাথের  লাবণ্য অথবা নিদেনপক্ষে মুজতবা আলীর শবনম-এর ছোটবোনের মতো মনে হতো। ঐ-যে রবি কবি বলেছেন, ‘আমার চোখে তো সকলই শোভন…’। অনেকটা ‘ফুলের বনে বনে যার পাশে যায় তারেই লাগে ভালো’ টাইপের ব্যাপার আর কী। আপনাদের কানে কানে বলে রাখি, এখনো আমি সেই তরুণ বয়সের ঘোরের মধ্যেই রয়ে গিয়েছি, উথালপাথাল ভাবটাও দিব্যি আছে। সেটা থেকে বের হতে চাই না, নাকি পারি না— সেটা নিয়ে আমার মধ্যে এখনো বিরাট ধোঁয়াশা রয়েছে।

একসময় তাকে ভালো লাগতে শুরু করলো। কিন্তু তার মনের তল তেমন পাই না। মনের তল পাবার চেষ্টায় তখনকার ঢাকা শহরের সবগুলো চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গিয়েছি। সে আমাকে রীতিমতো সিল দিয়েছে। এখনকার ছেলেমেয়েরা বলে ট্রিট দেওয়া, আমাদের সময় সেটা ছিলো সিল দেওয়া। এখনকার শহরজুড়ে নানাদেশের হরেকরকম খাবারের দোকানের ছড়াছড়ি। আমাদের কালে পুরো রাজধানীতে হালিতিনেক চায়নিজ রেস্টুরেন্ট এবং এলিফ্যান্ট রোডে একটি মাত্র কফি শপ ছিল। এইসব চিংড়িপনা, উড়াউড়ির পর বিয়ে। আমার পছন্দের মান নিয়ে আমি এখনো গর্বিত। তবে তার পছন্দ দেখে আমি মর্মাহত। আমার মতো ছেলেকে যে বিয়ের পাত্র হিসাবে পছন্দ করতে পারে, তার রুচির অবস্থা বুঝুন। তার সাথে বিয়ে কেন? এ প্রসঙ্গে বলার আগে তার যেসব গুণ আমাকে মুগ্ধ করেছিলো বা এখনো করে, তা বলা দরকার। সেগুলো হলো—

এক. তার একটি অনন্য সাধারণ গুণ হচ্ছে তিনি নির্ভুলভাবে ভুল তথ্য দিতে পারেন। তিনি যখন এরকম বলতে থাকেন, তখন আমি  ‘অবাক হয়ে শুনি, কেবল শুনি’। এই মুগ্ধতার একটা নেশা আছে বৈকি।

দুই. সহজ বিষয়কে জটিল করবার অসামান্য ক্ষমতা তাঁর আছে। তারপর সেই জটিলতাকে গলদঘর্ম শ্রম দিয়ে সমাধান করবার পর তিনি একটি ভুবনভুলানো হাসি দিয়ে থাকেন। তিনি যখন এরকম হাসেন, তখন হেমন্ত মুখোপাধ্যায় ঐশ্বরিক কণ্ঠে গেয়ে ওঠেন— ‘আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা।

তিন. মানসিক চাপ বা স্ট্রেস একটু বাড়লেই তার রাগের পারদ অতিদ্রুত ঊর্ধ্বমুখী হতে হতে শীর্ষ ছুঁয়ে ফেলে। তাকে না দেখলে রাগের এই ঊর্ধ্বগমন প্রত্যক্ষ করার সুযোগ আদৌ হতো কিনা, তা নিয়ে আমার সন্দেহ আছে। মানসিক চাপ হওয়ার কারণটি সফলভাবে শেষ হওয়া মাত্রই যেন কিছুই হয়নি ভঙ্গিতে তিনি  একটি স্নিগ্ধ হাসি উপহার দেন।

চার. সব কাজের পেছনে এক বা একাধিক মানুষের দায় থাকে। কিন্তু আমাদের বাসায় যা যা ভুল বা উল্টাপাল্টা ঘটে, তার সব দোষ বা দায় কিন্তু কেবল আমার। তিনি বলে থাকেন,‘‘সকল দোষ লেলিন ঘোষ’’। তার এই রায়ের বিরুদ্ধে আমি কখনো আপিল করিনি।

পাঁচ. তিনি দাবি করেন, তিনি সবসময় সঠিক বলেন, কখনো ভুল বলেন না এবং  মানুষ চিনতে ভুল করেন না। আমার কাজকর্মের ফলাফল এবং  মানুষ চেনার ক্ষমতা সম্পর্কে আমি বিলক্ষণ অবগত। তাই তার মতামতের বিরুদ্ধে প্রতিবাদ করার সৎ বা অসৎ কোনো সাহসই আমার নাই। তবে মনে মনে বলি,  তিনি আমাকে চিনেছেন এবং বিয়ে করেছেন!

ছয়. দার্শনিকরা বলেন,  নিজেকে জানো বা know thyself। বিয়ের আগে নিজের সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। আমি যে আসলে একটি গরু বা গর্দভ শ্রেণির মানুষ— এটা তাঁর বিচার থেকেই আমি প্রথম জানতে পারি। তাঁর এই সিদ্ধান্ত আমি বিনা আপত্তিতে মেনে নিয়েছি। আত্মপরিচয় খুঁজে পাওয়ার যে গুরুত্বপূর্ণ কাজটি আমি নিজে করতে পারিনি, সেটা তিনি দয়া করে দিয়েছেন। তাঁর এই বদান্যতায় আমি আচ্ছন্ন। এই ষড়গুণের (মোটেও ষড়যন্ত্র নয়) নিরন্তর প্রভাবে আমি একেবারে মোহমুগ্ধ এবং গুণমুগ্ধ। আগেভাগেই শ্রীমান ঈশ্বরকে বলে রেখেছি— পরবর্তী সকল জন্মে যেন এই নারীর সোয়ামী হিসাবে  আমাকেই যেন নির্বাচন করা হয়। প্রতিজন্মে কমপক্ষে একজন না-দেখা পুরুষ মানুষের কল্যাণার্থে এতোটুকু ত্যাগ করার মহৎ মনোভাব আমার এখনো আছে, পরবর্তী সকল জন্মেও থাকবে। 

এবারো ঘর থেকে বের হওয়ার আগেভাগে যথারীতি তাঁর কণ্ঠের হারমোনিয়াম সপ্তম সুরে বেজে উঠলো। যান্ত্রিক যান সহজ গতিতে ঢাকা এয়ারপোর্টে চলে এলো। এয়ারপোর্টে এসে ভালো লাগলো। এই এয়ারপোর্ট দিয়ে দেশের বাইরে প্রথমবার যাই ১৯৮৮ সালে। তখন ডিজিটাল যুগ আসেনি। পাসপোর্ট ছিল হাতে লেখা। এয়ারপোর্টের নানা শ্রেণির কর্মকর্তা এবং কর্মচারীদের ভাবভঙ্গি বেশ ঢিলেঢালা ছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রে নাইন- ইলেভেনের  হামলার পর থেকে আকাশ ভ্রমণের কড়াকড়ি শুরু হয়। ২০০১ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভেনিয়া ছিল হামলার লক্ষ্য বস্তু। একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে। সেই বিমানের দুটি দিয়ে আত্মঘাতী হামলা করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের খ্যাতনামা টুইনটাওয়ারে প্রতিটিতে, একটি বিমান আঘাত করে পেন্টাগনের সামরিক হেডকোয়ার্টারে এবং অন্যটি আছড়ে পড়ে পেনসিলভানিয়ার ফাঁকা মাঠে। এই সন্ত্রাসী হামলায় মোট ২৯৯৭ জন মানুষের মৃত্যু হয়। এই জঘন্য হামলার প্রতিক্রিয়ায় আমেরিকা ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ (War on Terror)’ ঘোষণা করে। সে আরেক বিশাল ইতিহাস। সেবিষয়ে আর নাই গেলাম। এই ঘটনার পর পৃথিবীর প্রতিটি এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে। নানাভাবে পরীক্ষা-নিরীক্ষার পর যাত্রীকে  বিমানে ওঠার অনুমতি দেওয়ার শুরু তখন থেকেই।

এবার ঢাকা এয়ারপোর্টে এসে চমৎকার যাত্রীবান্ধব ব্যবহার পেলাম। ইমিগ্রেশন অফিসার সহজ ভঙ্গীতে কয়েকটি মৌলিক বিষয়ে জানতে চাইলেন। তারপর হাসিমুখে ছেড়ে দিলেন। একটা সময় ছিল যখন ইমিগ্রেশন অফিসাররা প্রতিটি যাত্রীকে সন্দেহজনক অপরাধী মনে করেই জিজ্ঞাসাবাদ শুরু করতেন। এবার এয়ারপোর্টের ভেতরটিও বেশ ছিমছাম। ঢাকা এয়ারপোর্টের এই উন্নতিতে ভালো লাগলো। কিন্তু এয়ারপোর্টের কর্মকর্তা ও নীতিনির্ধারকদের কূপমণ্ডূক মানসিকতায় কতোটা পরিবর্তন এসেছে, সেটাই মূলত বেশি গুরুত্বপূর্ণ।

আমরা এমিরেটস এয়ারলাইন্সে যাবো। এমিরেটস যাত্রীসেবার জন্য আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত এয়ারলাইন্স। আমাদের জন্য নির্ধারিত বিমানটি বোয়িং ৭৭৭ ৩০০ ইআর ধরনের। এটির ধারণ ক্ষমতা সর্বসাকুল্যে ৫৫০ জন পর্যন্ত হতে পারে। এই বিমানটি আমাদের দুবাই নিয়ে যাবে। সেখানে কয়েক ঘণ্টা বিরতি, তারপর আরেকটি বিমান আমাদের নিয়ে যাবে ফ্লোরিডার অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের প্লেন টেক-অফ করছে, মাটি ছেড়ে আকাশে উঠছে, নাড়ির গভীরে ব্যথার টান টের পাচ্ছি। (চলবে)