বঙ্গমাতা গোল্ডকাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের এয়ারলাইনস পার্টনার বিমান

চুক্তিতে স্বাক্ষর করছেন কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এমএ করিম ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজপ্রথমবারের মতো হতে যাচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ আয়োজনের সঙ্গে যুক্ত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় বলাকায় আয়োজক প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। এর অংশ হিসেবে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা টুর্নামেন্টের এয়ারলাইনস পার্টনার হিসেবে পৃষ্ঠপোষকতা করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ ও কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এমএ করিম। চুক্তির ফলে টুর্নামেন্টের সঙ্গে যুক্তদের আকাশপথে যাতায়াতের বিশেষ সুবিধা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

অনুষ্ঠানে আরও ছিলেন বিমানের মহাব্যবস্থাপক (বিপণন) শামসুল করিম, উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) সালাহউদ্দিন আহমেদ, ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার, কে-স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ ও চিফ অপারেটিং অফিসার মাহবুবুর রশিদ।

আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে বাংলাদেশসহ মঙ্গোলিয়া, তাজাকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করবে।