জানা গেছে, ২০ ফুট X ৮ ফুট আয়তনের লেজে অঙ্কিত স্কেচটির দৈর্ঘ্য ১১ ফুট X ৪ দশমিক ৯ ফুট। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারে আঁকার কাজ সম্পন্ন হয়।
গান্ধীর স্কেচ সংবলিত উড়োজাহাজটি বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় দিল্লি থেকে উড্ডয়ন করে। এটি মুম্বাই গিয়ে পৌঁছায় বিকাল সাড়ে ৩টার দিকে।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার বলেন, ‘আমাদের একটি উড়োজাহাজে স্থায়ীভাবে মহাত্মা গান্ধীর ছবি আঁকা হয়েছে। ১৫০তম জয়ন্তীতে তাকে এর মাধ্যমে শ্রদ্ধা জানালো ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা। সব ধরনের অনুমোদন নেওয়ার পর এ৩২০ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দলটি এই কাজে অংশ নিয়েছে।’
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অশ্বানি লোহানি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে তাদের বহরে থাকা উড়োজাহাজের মধ্যে পাঁচটিতে (বোয়িং বি৭৪৭, বি৭৭৭, বি৭৮৭, এয়ারবাস এ৩২০ ও এটিআর) ‘বাপু’র ছবি আঁকা হবে।
স্বচ্ছতা ও অহিংসার ধারণা ছড়িয়ে দিয়েছিলেন ভারতীয়দের জাতির পিতা মহাত্মা গান্ধী। জনগণকে এটি মনে করিয়ে দিতে তার ১৫০তম জন্মবার্ষিকীতে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিলো এয়ার ইন্ডিয়া। গান্ধীর সম্মানে নিজেদের কার্যালয়, উড়োজাহাজ ও কলোনিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে এই সংস্থা।
সূত্র: হিন্দুস্তান টাইমস