প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছেন। তার পছন্দেই ড্রিমলাইনারগুলোর নামকরণ হয়েছে। এগুলো হলো আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।
প্রবাসী বাংলাদেশিদের বিশাল চাহিদার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এম মহিবুল হক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার (৫ অক্টোবর) গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ড্রু মারে বার্নহামের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চাটারটন ডিকশন উপস্থিত ছিলেন।
ম্যানচেস্টার হলো ইংল্যান্ডের উত্তর-পশ্চিম শহর। এখানে অনেক প্রবাসী বাংলাদেশির বসবাস। নতুন ফ্লাইটের জন্য বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মেয়র বার্নহাম। তার আশা, বিমান শিগগিরই ম্যানচেস্টার হয়ে ঢাকা-নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে পারবে।
ড্রিমলাইনার উড়োজাহাজের প্রতিটিতে বিজনেস ক্লাস ২৪টি ও ইকোনমি আসন আছে ২৪৭টি। ‘আকাশবীণা’ বর্তমানে ঢাকা-সিলেট-লন্ডন, ঢাকা-দাম্মাম, ঢাকা-লন্ডন ও ঢাকা-দোহা রুটে ব্যবহার হচ্ছে। গাঙচিল ঢাকা-কুয়েত, ঢাকা-আবুধাবি ও ঢাকা-চট্টগ্রাম-দোহা রুটে চলাচল করে।