গত ১৫ মার্চ নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের তিন বিচারক রাত ৯টার দিকে আসামির মৃত্যু পরোয়ানায় স্বাক্ষরই করেন।
গত বৃহস্পতিবার (৫ মে) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আপিলের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রিভিউয়ের আদেশ দেন।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আরও পড়তে পারেন: নিজামীর চূড়ান্ত রায় প্রকাশ, ট্রাইব্যুনালে যাবে আজই
রিভিউয়ের রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায় কার্যকরে এখন আর কোনও বাধা নেই। রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন কিনা, সেটা পূর্ণাঙ্গ রায় কারাগারে পৌঁছালে জানা যাবে।
মৃত্যুদণ্ডাদেশ বহালের রায়ের পর নিজামী আদালতের শেষ আইনি সুযোগ হিসেবে এই রিভিউ আবেদন করেছিলেন। এখন তার সামনে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে।
এর আগে মানবতাবিরোধী অপরাধী আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের রিভিউ আবেদন একদিনের মধ্যে শুনানি শেষে খারিজ হয়ে গিয়েছিল। তারা রাষ্ট্রপতির ক্ষমা চাননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়, পরে তাদের ফাঁসিতে ঝোলানো হয়।
এরপর যুদ্ধাপরাধের দায়ে গত বছর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা প্রাণভিক্ষার আবেদন করলেও রাষ্ট্রপতি তা নাকচ করে দেন বলে ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়।
/ইউআই/ এমএনএইচ/