আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার

গ্রেফতাররাজধানীর ডেমরা এলাকা থেকে মো. ওমর ফারুক ওরফে মাহাদি ওরফে আব্দুল্লাহ ও মো. তরিকুল ইসলাম নামে আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা আনসারুল্লাহ’র দুই সদস্যকে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে জঙ্গিবাদ বিষয়ের বিভিন্ন বই, লিফলেট, ৩ টি মোবাইল ও মোবাইলে উগ্রপন্থী ভিডিও, অডিও এবং ডকুমেন্ট উদ্ধার করা হয়।
ডিএমপি’র জনসংযোগ শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসি মো. আহসান হাবীবের নেতৃত্বে বুধবার রাত ৮টার দিকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা ডেমরার মাতুয়াইলের মুসলিমনগর আবাসিক এলাকায় অভিযান চালান। সেখান থেকে আনসার আল ইসলামের এর দুই সদস্য মাহাদি ও তরিকুলকে আটক করেন তারা। 

আরও পড়তে পারেন: আমার গালে থাপ্পড় মেরেছেন সেলিম ওসমান: শ্যামল কান্তি ভক্ত 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, তারা আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর আদর্শের অনুসারী। তারা আল বান্না ওরফে ফিদারী ভাই ওরফে খেদারী ভাই ও মো. মঈনুল ইসলাম মাহিম ওরফে নানা ভাই’র নেতৃত্বে নাশকতার উদ্দেশ্যে সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহ করে থাকে। তারা মূলত ফেইসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে সদস্য ও অর্থ সংগ্রহ করে থাকে। ফেসবুকের মাধ্যমে তারা নামাজ পড়ার আহ্‌বান জানান ও দ্বীনের দাওয়াত দেন। আর এরমধ্যে সমমনা কাউকে পেয়ে গেলে ধীরে ধীরে প্রস্তুত করে জিহাদের প্রশিক্ষণে পাঠান।




আনসার আল ইসলামের এই দুই সদস্য আরও জানান, বান্দরবনের আলী কদম ও চট্টগ্রামের ফটিকছড়িতে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের জন্য স্থান খুঁজতেছিলেন। চলতি মাসের শেষের দিকে ঢাকায় কয়েকটি নাশকতার পরিকল্পনা করেছিলেন তারা। চলতি মাসের শেষ সপ্তাহে ভোলা জেলার কোনও একটি যাত্রামঞ্চে পেট্রোলবোমা মেরে লোকজনকে হতাহতের পরিকল্পনা নিয়েছিলেন বলে তারা জানান। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/এমএনএইচ/