আপিলে যাবেন আহসান উল্লাহ মাস্টারের ছেলে

আহসান উল্লাহ মাস্টারবাবা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ‘পুরোপুরি সন্তুষ্ট’ না হওয়ায় আপিলে যাবেন ছেলে জাহিদ আহসান রাসেল। বুধবার হাইকোর্টের রায়ের পর আদালত প্রাঙ্গণে সাংসদ রাসেল রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান।
এক যুগ আগের এই হত্যার ঘটনায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মামলায় ২০০৫ সালে নিম্ন আদালতে দণ্ডাদেশ পাওয়া বাকি ২২ আসামির মধ্যে আটজনকে হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
রায়ের পর রাসেল বলেন, হাইকোর্টের এ রায়ে আমরা আংশিক সন্তুষ্ট; পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অন্যদের সাজা কমানো হয়েছে এবং কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে। যখন কিনা যাবজ্জীবন ও খালাসপ্রাপ্তরা এ হত্যায় সরাসরি জড়িত ছিল।
আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি আরও বলেন, এ জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি আপিলে খালাসপ্রাপ্তদের যথাযথ শাস্তি দেওয়া যাবে।
২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেক ব্যক্তি।


/ইউআই/এজে