চকবাজারে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩

সংঘর্ষরাজধানীর চকবাজার থানার পোস্তা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাউন্সিলর হাজী দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মিয়া গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সময় রহমান (২৯) নামে এক রিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার বিকাল ৩টার দিকে এই সংঘর্ষ হয়। হাজী দেলোয়ার হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থীত নির্বাচিত কাউন্সিলর। দেলোয়ার হোসেন মিয়া আওয়ামী লীগ সমর্থিত। তবে তিনি হাজী সেলিমের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম অর রশিদ সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অল্প সময়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। তবে কারা তার নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চকবাজার থানার পোস্তার ঢাল এলাকায় কাউন্সিলর হাজী দেলোয়ার ও হাজী দেলোয়ার হোসেন মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কেল্লারমোড় এলাকায় একজন আহত হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি আহত রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি লালবাগ কেল্লার মোড় দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলাম। এ সময় আমার পায়ে কী যেন এসে লাগল। এরপর রক্ত বের হয়। গুলি কিনা আমি জানি না।’

এ বিষয়ে কাউন্সিলর দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় মাদকের অবাধ বাণিজ্য হয়। ইয়াবা খায়, ইয়াবা বিক্রি করে। গতকাল মঙ্গলবার তারাবির নামাজের পর এলাকাবাসীকে নিয়ে আমরা স্পটগুলোতে অভিযান চালিয়েছিলাম। মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের কয়েকজনকে ধরে তাদের বাবা-মায়ের কাছে বুঝিয়ে দিয়েছে। এর জের ধরে আজ দেলোয়ার মিয়ার নেতৃত্বে তাদের ওইসব এলাকাবাসীর উপর হামলা চালিয়েছে। আমাদের লোকজনও পরে ওদের ধাওয়া দিয়েছে। এরমধ্যে আমি পুলিশকে ফোন দিয়েছি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।’

তিনি বলেন, ‘এই ঘটনায় তিনজন আহত হয়েছে। তারা চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।’

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমার কোনও আধিপত্যের দরকার নাই। এলাকার মানুষ অভিযোগ করেছিল মাদক নিয়ে। তাই অভিযান চালিয়েছি। তবে হাজী সেলিমের লোক দেলোয়ার মিয়া তা করতে দিচ্ছে না।’

এবিষয়ে দেলোয়ার মিয়ার বক্তব্যের জানার চেষ্টা করে তার মোবাইল ফোনে চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘স্থানীয় দুই দেলোয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ কোনও গুলি চালায়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

/এআরআর/এফএস/আপ-এনএস/

আরও পড়ুন: ভারত ফিরছে সনু