আইএসপিআর জানায়, গুলশানে হলি আর্টিজানের সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে সকাল ৯টায় ফুলেল শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিহতদের স্মরণে দু’দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে স্বজনদের কাছে লাশ হস্তান্তর অনুষ্ঠানে এ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করে দেওয়া হবে।
গত শুক্রবার রাতে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও তিন বাংলাদেশি নিহত হন। পরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয় জঙ্গি নিহত হয় বলে শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় তিন বিদেশি নাগরিকসহ ১৩ জিম্মিকে। আটক করা হয় এক সন্দেহভাজন জঙ্গিকে।
নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল। নিহত সাত জাপানির মধ্যে ছয়জনই মেট্রোরেল প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।
/জেইউ/এমএনএইচ/