গুলশানে জঙ্গি হামলাকারীর আশ্রয়দাতা দাউদ পাটোয়ারির দুদিনের রিমান্ড মঞ্জুর

মুখ্য মহানগর হাকিম আদালতরাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলাকারীর আশ্রয়দাতা হিসেবে সন্দেহভাজন মো. দাউদ পাটোয়ারিকে (৩১)জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমীন রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) হুমায়ুন কবীর সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত এ আদেশ দিয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রণপ কুমার ভক্ত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড চাওয়া হয়। রিমান্ড আবেদনে বলা হয়,দাউদ মিরপুর রূপনগরের আরিফাবাদ হাউজিংয়ের ব্লক নম্বর ‘আই”, রোড নম্বর ১, ২ নম্বর বাড়ির তত্ত্বাবধায়ক।তিনি হলি আর্টিজানে হামলার জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এ বাড়িতে জঙ্গিরা যাতায়াত করতো বলে ধারণা করা হয়।

রিমান্ডে নেওয়া এ তত্ত্বাবধায়ক ইসমাইল নামে এক সন্দেহভাজনকে আশ্রয় দেন যার নাম ঠিকানা তিনি রাখেননি। ইসমাইল গুলশান হামলার পর ওই বাড়ি ছেড়ে দেন।

এ সময় আদালতে দাউদের পক্ষে কেউ দাঁড়াননি।

/টিপু/এবি/