কূটনীতিকদের নিরাপত্তা বৃদ্ধির জন্য টাস্কফোর্সের সুপারিশ

ইউরোপিয়ান ইউনিয়নের পতাকাবাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকদের নিরাপত্তা সুদৃঢ় করার জন্য জাতীয় টাস্কফোর্স কয়েকটি সুপারিশ করেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সুপারিশ করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জুলাই মাসের প্রথম সপ্তাহে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী ঘটনার পর বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের নিরাপত্তা জোরদার করার জন্য এ টাস্কফোর্স গঠন করা হয়।

বৈঠকে বিভিন্ন দূতাবাসে এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এর সার্বিক দিকগুলি বিবেচনা করা হয়। এ সময় কূটনৈতিক পাড়ায় তাদের নিরাপত্তা দেওয়ার জন্য গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম, মুখ্যসচিব, পররাষ্ট্রসচিব, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পুলিশ, সশস্ত্র বাহিনী বিভাগ এবং অন্যান্য এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেনেভা কনভেনশন অনুযায়ী, সব কূটনীতিকের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের দায়িত্ব এবং সরকারের প্রাথমিক লক্ষ্য তাদের নিরাপত্তা জোরালো করা।

এদিকে, এ বৈঠকের পর পররাষ্ট্রসচিব এম শহীদুল হক ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনের সাথে এক বৈঠক করেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বৈঠকে নিরাপত্তা, অভিবাসন, বাণিজ্য, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন বৈঠকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
/এসএসজেড/এবি/