শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ আহসানুল হক ইমন (৩০) ও রিজবী হাসান বাবু (৩৪) কে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ইমনের ডান উড়ু ও পাঁজরে গুলির চিহ্ন এবং মাথায় কাটা জখমের চিহ্ন রয়েছে। অন্যদিকে বাবুর মুখের বাম দিকে গুলিবিদ্ধ হয়েছে।
মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই আইয়ুব গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলে আমাদের তদন্ত অফিসার আছেন। দুজন গুলিবিদ্ধের সংবাদ পেয়েছি। তবে কী নিয়ে এই ঘটনা ঘটেছে তা আমরা এখনও জানতে পারিনি। শুনেছি একটি গণ্ডগোল হয়েছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।'
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসি। শুনতে পেরেছি রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণেই দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখানে এসে কাউকে পাইনি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি।'
গুলিবিদ্ধ ইমনের বাবা মৃত এনামুল হক এবং বাবুর বাবার নাম কালাম হাসান।
গুলিবিদ্ধ বাবুর নিকট আত্মীয় রায়হান জানান, 'বাবু ঢাকা সিটি দক্ষিণের ১০ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। দলীয় রাজনৈতিক কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।
ঢামেক কর্তব্যরত চিকিৎসক জানায়, ‘তারা দুজনই আশঙ্কামুক্ত নয়। তবে বাবুর অবস্থা গুরুতর। তাকে রাত ১টার দিকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।’
/এআইবি/এআরআর/আরজে/এনএস/