মেজর জিয়াকে দেখা গেছে ঢাকার আশেপাশে





মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হকঢাকার আশে-পাশেই আছেন আনসার আল ইসলামের সামরিক কমান্ডার মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক। এমন তথ্য পেলেও তার অবস্থানের সুনির্দিষ্ট কোনও তথ্য নেই কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের কাছে। তবে গুলশান হামলা ছাড়াও প্রকাশক, লেখক, ব্লগার ও ভিন্ন মতাদর্শী হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড জিয়াকে ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
সোমবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘কারও-কারও ধারণা জিয়া দেশের বাইরে আছেন। অনেক আগেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু মেজর জিয়াকে প্রায় দুই মাস আগে ঢাকার আশেপাশে কোনও এক জায়গায় দেখেছেন বলে একজন তথ্য দিয়েছেন।’তবে জিয়া কোন এলাকায় আছেন সেটা তিনি বলেননি। তার অবস্থানের সুনির্দিষ্ট কোনও তথ্য তাদের কাছে নেই বলেও জানান তিনি।
জিয়া ভারতে পালিয়েছেন কিনা জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ভারতে এখন জঙ্গিদের ধরপাকড় চলছে। তাই সেখানে গেছে বলে মনে হয় না। দেশেই কোথাও আত্মগোপনে রয়েছেন তিনি।
জেএমবি ও নব্য জেএমবি’র পাশাপাশি আল-কায়েদার অনুসারী জিয়ার নেতৃত্বাধীন আনসার আল ইসলাম গত বছর এবং এ বছরের শুরুর দিকে বেশ কিছু সহিংস কর্মকাণ্ড চালিয়ে বলে জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারকে ও ২০১৪ সালের জাতীয় নির্বাচন এবং ২০১৫ সালের ৯২ দিনের জ্বালাও-পোড়াওয়ের আন্দোলনকে কেন্দ্র করে কিছু তরুণ সহিংসতায় অনুপ্রাণিত হয়েছে। এ সুযোগে পুরনো জেএমবি ও নব্য জেএমবি’র আবির্ভাব হয়েছে। কারণ তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই সহিংস আন্দোলন দমনে ব্যস্ত ছিলেন।
জেইউ/ এমএনএইচ/