চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে মঞ্জুর এলাহী নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছর চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একাধিক মামলার আসামিও তিনি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র্যাব) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, ব্যবসায়ী মঞ্জুর এলাহী ২০১৪ সালে ইসলামী ব্যাংকের উত্তরা শাখা থেকে হামজা ব্রিগেডের ডন মাসুদের অ্যাকাউন্টে চার লাখ ২০ হাজার টাকা এবং ৮০ হাজার টাকা নগদ পাঠিয়েছিল। হাটহাজারী থানার সন্ত্রাস দমন আইন ও বাঁশখালী থানার অস্ত্র আইনে দায়ের করা দুটি মামলার চার্জশিটভুক্ত আসামি। তার বাড়ি চট্টগ্রামের সন্দীপে। তিনি গার্মেন্টস অ্যাসেসরিজের ব্যবসা করেন।
বাঁশখালীর জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধার মামলায় গত ২০ মার্চ চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ হামজা ব্রিগেডের ২৮ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। ওই মামলায় তিনি অভিযুক্ত আসামি। এছাড়াও হাটহাজারী থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলায় অভিযুক্ত ৮৩ আসামির একজন তিনি।
/জেইউ/এসটি/