প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় মামলা

বিমান বাংলাদেশপ্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে মানবসৃষ্ট ত্রুটির ঘটনায় মামলা দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া বিমানের ৯ কর্মকর্তা-কর্মীকে আসামি করে বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৩। বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়েছে।’

মামলার আসামিরা হলেন—বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ডসিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন এবং টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান কর্মকর্তারা। বিমান পরিচালনা পর্ষদ সদস্য ব্যারিস্টার তানজিব উল আলম, বাংলাদেশ বিমানের এমডি মোসাদ্দেক আহমেদ ও বিমান মন্ত্রণালয়ের আইন শাখার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক করে মামলা করার বিষয়  চূড়ান্ত করেন।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি  উড়োজাহাজে  (বোয়িং-৭৭৭) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি। অন্য একটি উড়োজাহাজ পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বুদাপেস্টে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হলেও পরবর্তী সময়ে  ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজেই হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী। এ ঘটনায় দুই দফায় বর্তমান মামলার এই ৯ আসামিকে সাময়িক বহিষ্কার করা হয়। 

 

আরজে/সিএ/এমএনএইচ/